পাপিয়া দম্পতি ফের ১৫ দিনের রিমান্ডে

আপডেট : ১২ মার্চ ২০২০, ০৪:৪৮ এএম

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। অস্ত্র, মাদক ও জাল টাকার আলাদা তিন মামলায় তাদের ১৫ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারবে র‌্যাব। গতকাল বুধবার র‌্যাবের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেয়। তিন মামলায় আগের ১৫ দিনের রিমান্ড শেষে পাপিয়া ও তার স্বামীকে গতকাল আদালতে হাজির করা হয়।

সংশ্লিষ্ট আদালত থেকে পাওয়া তথ্যমতে, মামলা তিনটির তদন্তভার পেয়েছে র‌্যাব। এবার এই তিন মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন করে মোট ৩০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে র‌্যাব। আদালত শুনানি নিয়ে তিন মামলার প্রতিটিতে পাপিয়া ও তার স্বামীকে ৫ দিন করে মোট ১৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয়। এরমধ্যে বিমানবন্দর থানায় করা জাল টাকার মামলায় পাপিয়া ও মফিজুরের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। আর শেরবাংলা নগর থানায় করা অস্ত্র ও মাদক মামলায় পাপিয়া ও মফিজুরের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গতকাল আদালতে পাপিয়া ও তার স্বামীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শামীমা নূর পাপিয়া (২৮), তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮) এবং তাদের সহযোগী সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবাকে (২২) গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাবের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাচ্ছিলেন। অবৈধ অস্ত্র ও মাদক কারবার, চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড, জাল নোট সরবরাহ, রাজস্ব ফাঁকি ও অর্থ পাচারসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাদের গ্রেপ্তার করা হয় বলেও জানায় র‌্যাব। গ্রেপ্তারের পর পাপিয়াকে যুব মহিলা লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত