বস্তির অগ্নিকাণ্ডে ‘প্রভাবশালী মহল’ জড়িত : ফখরুল

আপডেট : ১২ মার্চ ২০২০, ০৫:০৬ এএম

রাজধানীর মিরপুরে রূপনগরের ঝিলপাড় বস্তির অগ্নিকাণ্ডের পেছনে ‘প্রভাবশালী মহল’ জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার নিরপেক্ষ তদন্তও দাবি করেন তিনি। বিএনপি মহাসচিব এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, রূপনগরে বারবার অগ্নিকাণ্ড হচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনে আগেও আমরা এখানে এসেছিলাম। এখানকার বাসিন্দাদের অভিযোগ, কোনো একটা প্রভাশালী মহল, তারা ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বস্তি উচ্ছেদ করে এখানে হাউজিং বা প্লট নির্মাণের প্রচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। বিএনপি মহাসচিব বলেন, একদিকে যারা বিত্তশালী তাদের জন্য নতুন নতুন গৃহায়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে আমাদের দুর্ভাগ্য যে, দেশে যারা দুর্বল, যারা বস্তিতে বাস করেন তাদের বিকল্প কোনো ব্যবস্থা নেই, গৃহায়নের কোনো ব্যবস্থা নেই। এই বস্তিতে যারা বাস করে সবাই নিম্ন আয়ের মানুষ। এই বস্তি পুড়ে যাওয়ার ফলে তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছে। এ সময় ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি সব সময়ে আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ তিনি অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের গাড়ি দেরি করে আগুন নেভাতে আসে। বিএনপি মহাসচিব ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, দুর্যোগ মোকাবিলায় এ সরকার ব্যর্থ হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিলে এ ধরনের দুর্যোগ এড়ানো যেত।

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে আরও ছিলেন দলের কেন্দ্রীয় নেতা আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন, গাজী রিয়াজ উদ্দিন, স্থানীয় নেতা আনোয়ার হোসেন, মাহফুজ খান সুমন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত