করোনা আক্রান্ত ৩ জনের ২ জন সুস্থ নতুন রোগী নেই

আপডেট : ১২ মার্চ ২০২০, ০৫:১০ এএম

দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠেছেন। ইতিমধ্যেই এ দুজনকে একবার পরীক্ষা করা হয়েছে ও তাতে করোনা নেগেটিভ এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী পরপর দুবার পরীক্ষায় নেগেটিভ এলে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আর আক্রান্ত তৃতীয়জনের চিকিৎসা চলছে।

গতকাল বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

এর আগে গত রবিবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তিকে শনাক্তের কথা ঘোষণা করে আইইডিসিআর। তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের কাছ থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরুষ, একজন নারী।

আইইডিসিআর পরিচালক বলেন, নতুন করে ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে নতুন করে কারও মধ্যে কভিড-১৯ ধরা পড়েনি। বর্তমানে সন্দেহজনক মোট আটজনকে বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। আর কোয়ারেন্টাইনে আছেন চারজন।

অধ্যাপক ডা. ফ্লোরা বলেন, আইইডিসিআরের হটলাইনে তারা গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২২৫টি কল পেয়েছেন, তার মধ্যে ৩ হাজার ১৪৫টি কল ছিল করোনাভাইরাস সংক্রান্ত। এ সময়ে মোট ২৪ জন আইইডিসিআরে গিয়ে সেবা নিয়েছেন এবং মোট ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে ১৪২টি নমুনা পরীক্ষা করে ওই তিনজন ছাড়া আর কারও মধ্যে নভেল করোনাভাইরাস ধরা পড়েনি। দেশের বাইরে সিঙ্গাপুরে পাঁচজন এবং সংযুক্ত আরব আমিরাত ও ইতালিতে এর আগে দুজনের মধ্যে নভেল করোনাভাইরাস ধরা পড়েছিল। তাদের মধ্যে সিঙ্গাপুরের চারজন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন জানিয়ে ডা. ফ্লোরা বলেন, যার অবস্থা ক্রিটিক্যাল ছিল, তা অপরিবর্তিত রয়েছে।

সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহ, লক্ষণ বা উপসর্গ দেখা দিলে সরাসরি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) না যাওয়ার পরামর্শ দিয়েছে সরকার। বরং বাড়িতে থেকে হটলাইন নম্বরে ফোন করলে তারাই বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে বলে জানানো হয়েছে।

নতুন হান্টিং হটলাইন খুলেছে আইইডিসিআর : করোনাভাইরাস সংক্রান্ত সেবা দিতে সবার যোগাযোগের সুবিধার জন্য হটলাইন হিসেবে ১৩টি নম্বরের বদলে একটি নম্বর চালু করেছে আইইডিসিআর। এখন থেকে ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে ফোন করে যে কেউ তথ্য দিতে বা নিতে পারবেন বলে আইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন।

দেশে গত রবিবার করোনাভাইরাসের রোগী ধরা পড়ার পর মানুষের ফোন কলের সংখ্যা বেড়ে যাওয়ায় গত ৯ মার্চ হটলাইনে নম্বর চারটি থেকে বাড়িয়ে ১৩টি করে সরকার। কিন্তু হটলাইনের নম্বরে কল করে পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ পাওয়ার পর এখন একটি নম্বর চালু করল আইইডিসিআর। এ নম্বরটিতে কল প্রবেশ করা মাত্র তা হান্টিং নম্বরের মাধ্যমে অন্য খোলা নম্বরগুলোতে চলে যাবে।

আরও ৫টি থার্মাল স্ক্যানার পাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর : করোনাভাইরাস প্রতিরোধে বিদেশফেরত যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে পাঁচটি থার্মাল স্ক্যানার উপহার দিয়েছে সামিট গ্রুপ। পাঁচটি থার্মাল স্ক্যানারের মধ্যে ইতিমধ্যেই দুটি স্ক্যানার বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ সকালের মধ্যে বাকি তিনটি স্ক্যানার মেশিন দেশে এসে পৌঁছবে বলে মনে করছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আইইডিসিআর পরিচালক বলেন, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশফেরত যাত্রীদের চাপ বেশি হওয়ায় শুভেচ্ছা উপহার পাওয়া পাঁচটি থার্মাল স্ক্যানারের মধ্যে একাধিক স্ক্যানার শাহজালালে স্ট্যান্ডবাই রাখা হবে। যাতে যাত্রীর চাপে কোনো একটি নষ্ট হলে সঙ্গে সঙ্গে অন্য একটি প্রতিস্থাপন করা যায়। এ কর্মকর্তা জানান, এর আগে পাওয়া আরও পাঁচটি থার্মাল স্ক্যানারের মধ্যে দুটি ঢাকায় ও একটি করে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে এবং একটি বেনাপোল স্থলবন্দরে স্থাপন করা হয়েছে।

ফেস মাস্কের মূল্য নির্ধারণ করেছে সরকার : বাজারে বিক্রি হওয়া সার্জিক্যাল ফেস মাস্কের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি পিস ৩০ টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত মূল্যের চাইতে অধিক মূল্যে ফেস মাস্ক বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। পাশাপাশি ফেস মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে একই সরবরাহকারী প্রতিষ্ঠানকে একটি ইনভয়েসে ৫০০টির বেশি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দেশের হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ৫০ এমএল প্যাক সাইজে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও সরবরাহ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, মেডিকেল ডিভাইস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, ওষুধ ও মেডিকেল ডিভাইস উৎপাদনকারী, বিক্রয়কারী ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংসদীয় কমিটির সুপারিশ : দেশে করোনাভাইরাস প্রতিরোধে অধিকতর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেছে কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশে এখনো সেভাবে করোনাভাইরাস দেখা যায়নি। কিন্তু বাংলাদেশ একটি জনবহুল দেশ। তাই এটি ছড়িয়ে পড়লে অনেকে আক্রান্ত হতে পারেন। এজন্য সংসদীয় কমিটি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর জন্য সুপারিশ করেছে তারা।

বাংলাদেশিদের জন্য স্পেন দূতাবাসের জরুরি হটলাইন : স্পেনে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় সেখানে বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। নম্বরটি হলো ৬৭১১৯৬৯৯২।

পাশাপাশি দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তরফ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মিশন উপপ্রধান এম হারুন আল রাশিদ জানান, করোনাভাইরাসংক্রান্ত যেকোনো বিষয়ে প্রবাসী বাংলাদেশিরা ফোন করে সহযোগিতা নিতে পারেন। প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম হটলাইনের দায়িত্বে রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তির নির্দেশনায় একান্ত প্রয়োজন ছাড়া ঘর এবং কাজের বাইরে চলাফেরা না করা এবং ‘পাবলিক প্লেস’-এ মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। নির্দেশনায় দূর-দূরান্তে বসবাসরত প্রবাসীদের একান্ত প্রয়োজন ছাড়া যেকোনো ভ্রমণ, এমনকি দূতাবাস ভ্রমণেও নিরুৎসাহিত করা হয়। আতঙ্কগ্রস্ত না হয়ে ধৈর্যধারণ করে সবাই সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবেন বলে দূতাবাসের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়। দূতাবাস যেকোনো বিপদ-আপদে প্রবাসীদের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত