করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েকটি বিশেষ শ্রেণির বাইরে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারত সরকার। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কূটনৈতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা বাদে বিদ্যমান সব ধরনের ভিসা স্থগিত থাকবে। স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধনের সভাপতিত্বে এক বৈঠকের পর গতকালবুধবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এ সিদ্ধান্ত আগামীকাল শুক্রবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বুধবার মহামারীরূপ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর পরই ভারত সরকার ভিসা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে। উল্লিখিত সময়ের জন্য ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধাও স্থগিত করেছে দেশটির সরকার।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৩০ হাজার ২৮২ বিদেশি ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে প্রথম অবস্থানে থাকা বাংলাদেশির সংখ্যা ছিল ২৮ লাখ ৭৬ হাজার। কেবল ২০১৯ সালে বাংলাদেশিদের জন্য ১৫ লাখ ভিসা দিয়েছিল প্রতিবেশী দেশটি।
ভিসা স্থগিত থাকার সময়কালে যদি কোনো বিদেশি নাগরিককে ‘বাধ্যতামূলকভাবে’ ভারতে যেতে হয়, তাহলে তাকে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে এখন পর্যন্ত ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ ইতালি থেকে আসা পর্যটক। পর্যটক ভিসা বাতিলের সিদ্ধান্তের আগে করোনাভাইরাসে সর্বাধিক ক্ষতিগ্রস্ত চীন, ইতালি, ইরান, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে ভারত। পরে এই তালিকায় যুক্ত হয় ফ্রান্স, স্পেন ও জার্মানির নাম।
