সিরাজগঞ্জের শাহজাদপুরে তাঁত শ্রমিক ইয়াকুব আলীকে (২০) ‘ভাড়াটিয়া কিলার’ দিয়ে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্য, তাঁত ফ্যাক্টরি মালিক খুশি আলম (৪০) পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে গ্রেপ্তার হওয়া আসামিরা। এর আগে গত মঙ্গলবার রাতে ইয়াকুব হত্যাকা-ে জড়িত অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল উপজেলার রুপনাই গ্রামের প্রয়াত শুকুর আলীর ছেলে আব্দুর রহমান (৫০), একই গ্রামের রইজ মোল্লার ছেলে আব্দুর রহিম (৪৮) ও খুকনি কান্দিপাড়া গ্রামের মধু প্রামানিকের ছেলে তাঁত ফ্যাক্টরি মালিক খুশি আলম (৪০)।
মামলার তদন্ত কর্মকর্তা এনায়েতপুর থানার এসআই আল মামুন জানান, গত ৬ জানুয়ারি রাতে ইয়াকুব আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় খুকনি আটারদাগ টাকিমারা বিলের সরিষা ক্ষেতে নিয়ে তাকে শ্বাসরোধ করে ও ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার পর পালিয়ে যায় তারা।
পরদিন দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ইয়াসিন আলী অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা করে। এরপর থেকেই এ হত্যাকা-ের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে অনেক চেষ্টার পর মঙ্গলবার সকালে হত্যাকা-ে জড়িত আব্দুর রহমানকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এদিন রাতেই আব্দুর রহিম ও খুশি আলমকেও গ্রেপ্তার করা হয়। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম ও আব্দুর রহমান জানায়, ফ্যাক্টরি মালিক খুশি আলমের মেয়েকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল ইয়াকুব। তাকে এ বিষয়ে বারবার সাবধান করার পরও সে সংশোধন হচ্ছিল না। ফলে এ ক্ষোভ থেকেই অর্থের বিনিময়ে ভাড়াটিয়া খুনিদের দিয়ে ইয়াকুবকে খুন করায় খুশি আলম।
