বনানী থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট : ১২ মার্চ ২০২০, ০৫:৩২ এএম

রাজধানীর বনানী থেকে ব্যবসায়ী হুমায়ুন কবির অপহরণ মামলায় আমজাদ হোসাইন নামে এক ব্যক্তিকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টায় শ্যামপুর থানার জুরাইন করিমুল্লাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত হুমায়ুন কবিরকেও উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তাহের জানান, মামলা তদন্তকালে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ভুক্তভোগী হুমায়ুন কবিরের স্ত্রীর সঙ্গে আমজাদ হোসেনের পরকীয়া ছিল। এরই জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে গত ১ মার্চ বিকেলে বনানী থেকে অপহরণ করে আমজাদ ও তার সহযোগীরা। পরের দিন আমজাদের ছেলে বনানী থানায় অভিযোগ দায়ের করেন।

এরপর তদন্তে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে আসামি আমজাদকে গ্রেপ্তার এবং হুমায়ুন কবিরকে উদ্ধার করা হয়। হুমায়ুনকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত