হলিউড জুটি টম হ্যাঙ্কস ও রিটা উইলসন করোনায় আক্রান্ত

আপডেট : ১২ মার্চ ২০২০, ০৯:০০ এএম

হলিউড তারকা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন। ৬৩ বছর বয়সী এই তারকা জুটি সোশ্যাল মিডিয়া পোস্টে বুধবার রাতে এই খবর জানান।

অস্কারজয়ী অভিনেতা বর্তমানে এলভিস প্রিসলির বায়োপিকের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন।

ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম পোস্টে মাধ্যমে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান হ্যাঙ্কস ও উইলসন। তারা জানান, খানিকটা ক্লান্ত লাগছে। সর্দি হয়েছে ও শরীরে ব্যথা অনুভব হচ্ছে। রিটার শরীরে জ্বরও রয়েছে।

আমেরিকান সেলিব্রিটিদের মধ্যে টম হ্যাঙ্কস প্রথম যিনি করোনাভাইরাস পরীক্ষার প্রকাশ্য ঘোষণা দিলেন। মহামারিটির দ্রুত ছড়িয়ে পড়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দেওয়ার পরপরই ‘ফরেস্ট গাম্প’ অভিনেতার আক্রান্ত হওয়ার খবর এলো। এ ছাড়া একই সময়ে ইউটাহ জাজের খেলোয়াড়রা করোনাভাইরাসের আক্রান্ত হওয়ায় এই মওসুমের বাস্কেটবল লিগ স্থগিতের ঘোষণা এসেছে।

হলিউড তারকাদের মধ্যে ব্যক্তি হিসেবে টম হ্যাংকসের বেশ সুনাম রয়েছে, সাম্প্রতিক বিবৃতি আরও একবার সেই কথা বলল।

সোশ্যাল মিডিয়ায় তিনি আবর্জনার বক্সে ফেলা একটি মেডিকেল গ্লাভসের ছবিও পোস্ট করেন।

আরও জানান, চিকিৎসকদের পরামর্শ তারা মেনে চলবেন। অন্যদের মাঝে সংক্রমণ এড়াতে তারা আলাদা থাকবেন। নিয়মিত নিজেদের খবর প্রকাশের প্রতিশ্রুতিও দেন।

করোনাভাইরাস ইতিমধ্যে বিনোদন দুনিয়ায় বেশ প্রভাব ফেলেছে। জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’সহ বেশ কয়েকটি সিনেমার মুক্তি পিছিয়ে গেছে। এ ছাড়া প্রচারণামূলক ভ্রমণ ও শুটিং থেকে দূরে রয়েছেন অনেক তারকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত