এক ম্যাচ বিরতি দিয়ে আবার হ্যাটট্রিকের দেখা পেলেন ‘গোল মেশিন’ খ্যাত সাবিনা খাতুন। একাই করলেন ৪ গোল। জুনিয়র ‘গোল মেশিন’ তহুরা খাতুনও পেলেন হ্যাটট্রিকের দেখা। জামালপুর কাচারিপাড়া একাদশকে তাতে গোলের মালা পড়াল বসুন্ধরা কিংসের মেয়েরা।
বৃহস্পতিবার মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের পঞ্চম ম্যাচে ১১-০ গোলের জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। ৫ ম্যাচে যাদের গোল সংখ্যা দাঁড়াল ৫১টি। অর্থাৎ লিগে গোলের ‘ফিফটি’ পূরণ হলো দলটির। যে কীর্তি গড়তে নিজেদের পোস্ট অক্ষত রেখেছে দলটি।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন প্রথমার্ধে ৩-০ গোলের লিড নেয় সাবিনা-সানজিদারা। দ্বিতীয়ার্ধে আদায় করে আরো ৮ গোল।
সাবিনা সর্বাধিক ৪ গোল করেছেন। তহুরার ৩ গোল ছাড়াও জোড়া গোল পেয়েছেন কৃষ্ণা রানী সরকার। একটি করে গোল এসেছে সানজিদা আক্তার ও নার্গিস খাতুনের পা থেকে।
প্রথমার্ধের ৮ ও ৯ মিনিটে গোল আদায় করেন সাবিনা খাতুন। ২৭ মিনিটে সানজিদা ব্যবধান ৩-০ করেন। দ্বিতীয়ার্ধে সাবিনার সঙ্গে গোল উৎসবে যোগ দেন তহুরা, কৃষ্ণারা। ৪৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করা সাবিনা ৭২ মিনিটে করেন নিজের চতুর্থ গোল।
তহুরা ৫৩, ৬০ ও ৮৯ মিনিটে নিজের গোল তিনটি করেন। ৪৬ ও ৪৮ মিনিটে গোল কৃষ্ণা গোল পেয়েছেন। এ ছাড়া ডিফেন্ডার নার্গিস গোল করেন ৬৬ মিনিটে।
বসুন্ধরা অধিনায়ক সাবিনার এটি চতুর্থ হ্যাটট্রিক। এর আগে নিজেদের প্রথম তিন ম্যাচেই হ্যাটট্রিক (৩টি করে গোল) করেছেন সাবিনা। চতুর্থ ম্যাচে হ্যাটট্রিক না পেলেও দুই গোল করেন। ৫ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়াল ১৫টি।
জাতীয় দলের একঝাঁক তারকাদের নিয়ে গড়া বসুন্ধরা লিগে নিজেদের প্রথম ম্যাচে বেগম আনোয়ারা স্পোর্টিংকে হারায় ১২-০ গোলে। দ্বিতীয় ম্যাচে স্পার্টান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসিকে হারায় ১৩-০ ব্যবধানে। তৃতীয় ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমিকে হারায় ৯-০ গোলে। আর চতুর্থ ম্যাচে কুমিল্লা ইউনাইটেডকে হারায় ৬-০ গোলে।
এদিন দিনের অন্য ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে ০-১ গোলে হেরেছে এফসি উত্তরবঙ্গ।
