ছাত্রী ধর্ষণ মামলায় রাবির ২ ছাত্র গ্রেপ্তার

আপডেট : ১২ মার্চ ২০২০, ০৭:২৬ পিএম

ধর্ষণ মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম (এসএম) হল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ।

গ্রেপ্তাররা হলেন, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান শোভন ও সমাজবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তরুন কুণ্ড।

মামলার এজাহারে বলা হয়, ধর্ষণে অভিযুক্ত জাহিদ ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। ১৫ ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের এসএম হলের পেছনের মাঠে ভুক্তভোগী ওই ছাত্রীকে পড়ানোর জন্য নিয়ে আসেন জাহিদ। ওই মাঠে আরো অনেকেই আড্ডা ও লেখাপড়ার কাজ করে থাকেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে গল্প করার কথা বলে রাজশাহী কমার্স কলেজের পাশে তরুন কুণ্ডর আত্মীয়ের বাসায় নিয়ে যান তিনি। পরে একটি কক্ষে ঢুকে জাহিদ ভেতর থেকে দরজা বন্ধ করে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। কিছুক্ষণ পরে তরুন কুণ্ড একটি ওষুধ নিয়ে আসেন। তারা ওই ছাত্রীকে ওষুধটি খাওয়ান। বিয়ের প্রলোভন দেখিয়ে ঘটনাটি প্রকাশ না করতে বলেন জাহিদ। পরে ভুক্তভোগীকে বিয়ে করতে রাজি না হলে থানায় এসে জাহিদের বিরুদ্ধে ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করেন।

এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগীর বাবা থানায় এসে মামলা করেন। পরে দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এসএম হল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত