বর্তমানে বিএনপির রাজনীতি করোনাভাইরাসে আক্রান্ত বলে মন্তব্য করেছেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
বৃহস্পতিবার দিনাজপুর জেলার বিরল উপজেলা অডিটোরিয়ামে দুস্থ ও আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণার্থী মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ে বিএনপি আতঙ্ক ছড়িয়ে নেতিবাচক রাজনীতি করছে। মূলত বিএনপি করোনাভাইরাসে আক্রান্ত। তাদের থেকে সাধারণ মানুষকে সাবধান থাকতে হবে’।
খালিদ মাহমুদ বলেন, ‘সারা বিশ্ব আজকে করোনা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছে। এ সময়ে মানবিকতাকে সামনে নিয়ে এসে প্রধানমন্ত্রী মুজিববর্ষের কর্মসূচি সংক্ষিপ্ত করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। সরকার করোনাভাইরাস বিষয়ে কোন তথ্য গোপন করছে না। এ সময়ে বিএনপি করোনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে’।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক নেত্রী। তিনি বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। গৃহহীনদের ঘর করে দেওয়ার ব্যবস্থা করছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।
