ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে পরিত্যক্ত

আপডেট : ১২ মার্চ ২০২০, ১০:৫৭ পিএম

এক বছর আগের পুনরাবৃত্তি ধর্মশালায়। গত বছর ধর্মশালাতে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে ধুয়ে যায় সেই ম্যাচ। একটি বলও খেলা হয়নি। বৃহস্পতিবার দুই দলের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেতেও ঘটল একই ঘটনা। বৃষ্টির জন্য ভেস্তে গেছে এদিনের ম্যাচটি।

বৃষ্টিতে ম্যাচটা যে পণ্ড হতে পারে সেই আশঙ্কা ছিল আগে থেকেই। স্থানীয় সময় দুপুর একটায় টস হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে হালকা বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে টস হয়নি। টানা বৃষ্টিতে স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে ভরাডুবি ঘটেছিল ভারতের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারের দুঃস্বপ্ন বিরাট কোহলিরা ভুলতে পারেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। প্রথম ম্যাচই পরিত্যক্ত হয়ে যাওয়ায় দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে কোহলি বাহিনীকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত