ব্যস্ততার মধ্যেও ঢাবিতে ক্লাস নিচ্ছেন তথ্যমন্ত্রী

আপডেট : ১৩ মার্চ ২০২০, ১২:৪৫ এএম

রাষ্ট্রীয় ও রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিয়মিত ক্লাস নিচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। খণ্ডকালীন শিক্ষক হিসেবে তিনি সমুদ্রবিজ্ঞান বিভাগে ক্লাস নিচ্ছেন।

হাছান মাহমুদ একজন পরিবেশবিদ। আগে তিনি জাহাঙ্গীরনগর, নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে শিক্ষকতা করেছেন। ২০১৯ সালে ঢাবির সমুদ্রবিজ্ঞান বিভাগে সম্মান শেষবর্ষের ‘ইভল্যুশন অ্যান্ড আর্থস বায়োস্ফিয়ার’ কোর্স পরিচালনা করেন। এরপর জানুয়ারি থেকে বিভাগের শেষবর্ষের জলবায়ু পরিবর্তন কোর্স পড়াচ্ছেন হাছান মাহমুদ।

এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের আগে হাছান মাহমুদ কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স ও ইন্টারন্যাশনাল পলিটিক্সÑ তিন বিষয়ে মাস্টার্স করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে অনার্স-মাস্টার্স শেষ করে বেলজিয়ামের ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে ‘হিউম্যান ইকোলজি’ এবং ইউনিভিার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্সে মাস্টার্স করেন। এরপর বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে পিএইচডি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ব্রাসেলসের ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবে কাজ করেন।

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমন্ত্রিত বক্তা হিসেবে হাছান মাহমুদ পরিবেশ বিজ্ঞানের ওপর অভিভাষণ দিয়েছেন। এরই মধ্যে অতিথি বক্তা হিসেবে ক্লাস নেওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের অনুরোধে ২০১৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন তিনি।

হাছান মাহমুদ এক দশকেরও বেশি সময় আওয়ামী লীগের পরিবেশবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে পরিবেশমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তথ্যমন্ত্রীর দায়িত্ব পান ড. হাছান মাহমুদ। একই সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্রের দায়িত্বে আছেন। আগে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সাত বছর কাজ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত