মানহানির মামলা

খালেদা জিয়ার স্থায়ী জামিন প্রশ্নে রুল শুনানি এপ্রিলে

আপডেট : ১৩ মার্চ ২০২০, ০১:৪১ এএম

মানহানির অভিযোগে নড়াইলে করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রশ্নে রুলের ওপর এপ্রিলে হাইকোর্টে শুনানি হতে যাচ্ছে। বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এএসএম আবদুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেয়।

ওই মামলায় আদালত গতকাল রুল যথাযথ ঘোষণা করে খালেদা জিয়াকেস্থায়ী জামিন দেয় বলে মধ্যাহ্ন বিরতির আগে সাংবাদিকদের জানিয়েছিলেন তার আইনজীবী কায়সার কামাল। শুনানিতে বিএনপি চেয়ারপারসনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলীর সঙ্গে ছিলেন কায়সার কামাল।

পরে বিকেলে এ আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া দেশ রূপান্তরকে বলেন, ‘আদালত প্রথমে রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিনের রায় দিলেও আবেদনে আমরা বলেছি আমাদের কাছে এ মামলার নথি নেই। এ নিয়ে আমরা শুনানি করতে চাই। এরপর মধ্যাহ্ন বিরতির পর আদালত মৌখিক সিদ্ধান্ত রিকল করে জানান, রুল শুনানি সুপ্রিম কোর্টের অবকাশ শেষের (২৯ মার্চ) এক সপ্তাহ পর হবে। খালেদা জিয়ার পক্ষে তখন আইনজীবী এএইচএম কামরুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।’

এ বিষয়ে আইনজীবী কামরুজ্জামান মামুন বলেন, ‘ওই মামলায় বিএনপি চেয়ারপারসন আগামী বছরের জানুয়ারি পর্যন্ত জামিনে আছেন। আজ (গতকাল) রুল শুনানির জন্য ছিল। তবে নথি না থাকায় প্রথমার্ধে রাষ্ট্রপক্ষ সময় চায়। আদালত মৌখিকভাবে স্থায়ী জামিনের কথা জানান। পরে ৩টার দিকে উভয়পক্ষের উপস্থিতিতে অবকাশ শেষে খোলার এক সপ্তাহ পর রুল শুনানির জন্য দিন ধার্য করেন। এ হিসেবে আগামী ২ এপ্রিল বিষয়টি কার্যতালিকায় আসবে।’

ঢাকায় এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে মামলাটি করেন নড়াগাতী থানার চাপাইল গ্রামের এক ব্যক্তি। পরে ২০১৮ সালের ৫ আগস্ট এ মামলায় নড়াইলের আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর হয়। এরপর জামিন চেয়ে একই বছরের ৯ আগস্ট হাইকোর্টে আবেদন করেন তিনি। পরে ১৩ আগস্ট খালেদা জিয়াকে এ মামলায় অন্তর্বর্তীকালীন (ছয় মাস) জামিন দিয়ে জামিন প্রশ্নে রুল জারি করে হাইকোর্ট। এরপর তার জামিনের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত