ইতালিতে নিজেদের সব স্টোর বন্ধ ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতায় দেশটিতে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। এরই ধারাবাহিকতায় নিজেদের ১৭টি স্টোর সাময়িকভাবে বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিনের জন্য দোকানগুলো বন্ধ রাখা হবে। গ্রাহক যদি ডিভাইস-সংক্রান্ত কোনো সহায়তা চান, তবে সে ক্ষেত্রে অনলাইনে তথ্য জানানো যাবে। তবে বন্ধ স্টোরগুলো কবে নাগাদ খোলা হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে দেশটির অধিবাসীদের ৩ এপ্রিল পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বাসিন্দাদের সবাইকে নিজ বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যগত কোনো সমস্যা হলে শুধু তখনই বের হওয়ার অনুমতি মিলবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এরই মধ্যে নভেল করোনাভাইরাসকে মহামারী রোগ হিসেবে ঘোষণা দিয়েছে। ভাইরাসটির উৎপত্তিস্থল চীন হলেও এখন বিশ্বের শতাধিক দেশে রোগটি ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইতালিতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।
