হাইকোর্ট বিভাগের দৈনন্দিন মামলার কার্যতালিকা (কজ লিস্ট) ছাপানোর অন্যতম উপাদান পিএস প্লেট চীন থেকে আমদানি না হওয়ায় আগামীকাল রবিবার থেকে কার্যতালিকা ছাপানো বন্ধ। ফলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন কার্যতালিকা ব্যবহার করার জন্য বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ মার্চ ঢাকার তেজগাঁওয়ের গভর্নমেন্ট প্রিন্টিং (বিজি) প্রেসের উপপরিচালক সুপ্রিম কোর্ট প্রশাসনকে একটি চিঠি দেন। চিঠিতে বলা হয়েছে, কজ লিস্ট প্রকাশের অন্যতম উপাদান পিএস প্লেট শেষ হয়ে গেছে। করোনাভাইরাসের কারণে আমদানিকারকরা চীন থেকে পিএস প্লেট আনতে পারছেন না। এ অবস্থার অবসান হতে কত দিন সময় লাগবে, তা অনুমান করা যাচ্ছে না। পিএস প্লেট সরবরাহ না হলে কজ লিস্ট মুদ্রণকাজ চালিয়ে নেওয়া সম্ভব হবে না। এ অবস্থায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন কার্যতালিকা ব্যবহার করার জন্য বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যতালিকা ছাপাতে দ্রুত ব্যবস্থা নিতে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
