মাশরাফী বিন মোর্ত্তজার উত্তরসূরি হিসেবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্বে আসা তামিম ইকবাল সাফেল্যর জন্য খানিকটা সময় চাইলেন। না পারলে স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন দেশসেরা এই ব্যাটসম্যান।
মাশরাফী অধিনায়কত্ব ছাড়ার দুইদিন পর ৮ মার্চ তামিমকে বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক করা হয়। এরপর শনিবারই প্রথমবার মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। ঢাকা প্রিমিয়ার ডিভিশনের ক্রিকেট মাঠে গড়ানোর আগের দিন মিরপুর অ্যাকাডেমি মাঠে ক্লাব প্রাইম ব্যাংকের হয়ে অনুশীলনে এসেছিলেন তামিম।
জাতীয় ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়া নিয়ে তামিম বলেন, “এটা একটা সম্মিলিত প্রক্রিয়া। অধিনায়কত্ব নেওয়ার পেছনে একটা কারণ ছিল। বোর্ডের সিদ্ধান্ত থাকে। এমন পর্যায়ে ১/২/৩টা সিরিজে ক্যাপ্টেনের জন্য কোনো কিছু পরিকল্পনা করা খুব কঠিন। আমি চাচ্ছিলাম লম্বা সময়ের জন্য। লম্বা সময় পেলে দলে আপনি একটা ব্যবধান গড়তে পারেন।”
“আমি খুব অভিজ্ঞ ক্যাপ্টেন না। অনেক জায়গায় অনেক ক্যাপ্টেন্সি করেছি তা না। এই কারণে আমার প্রতি বিশ্বাস রাখবেন। একটু সময় দিতে হবে আমাকে। নিজেও জানি না আজ থেকে ছয় মাস বা এক বছর পর কীভাবে আমরা পারফর্ম করব। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়। আপনাদেরও একটু ধৈর্য রাখতে হবে। দর্শক যারা আছেন তাদেরও একটু ধৈর্য ধরতে হবে...।”
“...আর যদি কোনো কারণে কোনো সময়—সেটা ছয় মাস হোক বা এক বছর, আমার যদি মনে হয় আমি দলের সঙ্গে সুবিচার করছি না, তাহলে আমিই হব প্রথমজন, যে সরে দাঁড়ানোর কথা বলব। আমিই সবার আগে হাত তুলে বলব ‘সরি’।”
