দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বাগেরহাটে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচ বাসযাত্রী, সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ভ্যানআরোহী নারী, সুনামগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় ঠেলাগাড়ি চালক, চট্টগ্রামের সীতাকু-ে কাভার্ডভ্যান-যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাস হেলপার ও চন্দনাইশে বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
বাগেরহাটে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৫ : বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচ বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। গতকাল শনিবার বিকেলে বাগেরহাট-মাওয়া মহাসড়কের কাকডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও তিন জন পুরুষ রয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ। অন্যদিকে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফকিরহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম জানান, শনিবার বিকেল সোয়া ৪টার দিকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল খুলনা থেকে ছেড়ে আসা ওই বাসটি। পথে বাগেরহাট-মাওয়া মহাসড়কের কাকডাঙা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ভ্যানআরোহী নারী নিহত : সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ভ্যানআরোহী এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবিত্রী রানী দাস (৩০) সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার রাম প্রসাদ দাসের স্ত্রী ও ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা গ্রামের দুর্গাপদ দাসের মেয়ে।
সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শনিবার দুপুরে বাবার বাড়ি থেকে বের হয়ে ভ্যানযোগে স্বামীর বাড়ি রাজারবাগান যাচ্ছিলেন সাবিত্রী। পথে ভোমরা স্থলবন্দরের পার্কিংয়ের তিন নম্বর গেটের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাবিত্রী। দুর্ঘটনায় দায়ী ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সুনামগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত : সুনামগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের সিছনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া (৩৫) দক্ষিণ সুনামগঞ্জের দুর্গাপাশা ইউনিয়নের আক্তারপাড়া নূরপুর গ্রামের ফয়াজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে আক্তারপাড়া বাজার থেকে বাঁশভর্তি ঠেলাগাড়ি নিয়ে স্থানীয় পাগলা বাজার যাচ্ছিলেন হেলাল। পথে সিছনি এলাকায় পৌঁছালে পিকআপের সঙ্গে ঠেলাগাড়িটির ধাক্কা লাগে। এসময় ঠেলাগাড়িতে থাকা বেশ কয়েকটি বাঁশ তার শরীরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়। এ ঘটনায় আমরা সবাই কাছ থেকে ঘটনাটি দেখার চেষ্টা।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পিকআপের চালক পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে।
সীতাকু-ে ভ্যানচাপায় বাসের হেলপার নিহত : চট্টগ্রামের সীতাকু-ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. রাসেল (৪২) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। গতকাল শনিবার সকালে উপজেলার পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাসেল উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ফেদাইনগরের প্রয়াত নুর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে পন্থিছিলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ওই কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই বাস হেলপার রাসেলের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়।
চন্দনাইশে বাসচাপায় নিহত ১ : চট্টগ্রামের চন্দনাইশে বাসচাপায় নুরুল ইসলাম একরাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একরাম উপজেলার মধ্যম গাছবাড়ীয়া আবু তালেব মুন্সির বাড়ির প্রয়াত আবদুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৭টায় প্রতিদিনের মতো নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশে রওনা হন স্থানীয় গাছবাড়ীয়া খাঁনহাট মিষ্টিমুখের চায়ের দোকানের কর্মচারী একরাম। পথে গাছবাড়ীয়া কলেজ গেইট পেট্রল পাম্পের সামনে পৌঁছালে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
