সুরসপ্তকের ২০ বছর উদযাপন

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০৩:৪৯ এএম

প্রতিষ্ঠার দুই দশক উদযাপন উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করে নজরুলসংগীতের সংগঠন সুরসপ্তক। গান, নাচ, কথামালার পাশাপাশি অনুষ্ঠানে আজীবন সম্মাননা জানানো হয় সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন উচ্চাঙ্গসংগীত ‘পিউ পিউ বিরহী পাপিয়া’। এরপর খায়রুল আনাম শাকিল গেয়ে শোনান নজরুলের গান ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ’।

স্বাগত বক্তব্য দেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। এই আয়োজনের উদ্বোধন করেন নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। উদ্বোধনী বক্তৃতায় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘নজরুলসংগীত নিয়ে চর্চা যেমন কমছে, নজরুলসংগীত শেখার জায়গাও এখন সংকুচিত হয়ে যাচ্ছে। সেখানে ২০ বছর ধরে নজরুলসংগীত নিয়ে কাজ করে চলেছে সুরসপ্তক। এজন্য তাদের অভিবাদন। নজরুলসংগীতের প্রসারে সুরসপ্তক বিশেষ ভূমিকা রেখে চলেছে। তাদের এ পথচলা অব্যাহত থাকুক। সবার মাঝে ছড়িয়ে যাক নজরুলসংগীত।’ মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘অর্থনৈতিক ও শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে দেশকে সুসংগঠিত করা যায় না। সেজন্য সংস্কৃতিচর্চা বাড়াতে হবে। সুরসপ্তক ২০ বছর ধরে নজরুলের গান নিয়ে কাজ করছে।’

ফেরদৌস আরা বলেন, ‘দেখতে দেখতে সুরসপ্তক ২০ বছর পূর্ণ করেছে। সংগঠনটির পথচলার প্রতিটি পদক্ষেপে, সংগ্রামে আমার বাবা অনুপ্রেরণা জুগিয়েছেন। তাকে ভীষণ মনে পড়ছে। এ ছাড়া ২০ বছরের পথচলায় অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি, সহযোগিতা পেয়েছি। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সামনের দিনগুলোতেও নজরুলসংগীত নিয়ে নানামুখী কাজ করবে সুরসপ্তক।’

অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি স্মারক সম্মাননা জানানো হয় প্রয়াত সংগীতশিল্পী সুধীন দাস, সোহরাব হোসেন, ফিরোজা বেগম, নীলুফার ইয়াসমিন ও এ বি এম আবদুর শাকুরকে। সবশেষে কাজী নজরুল ইসলামের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন সুরসপ্তকের শিল্পীরা। এ ছাড়া নজরুলসংগীতের সঙ্গে নাচ পরিবেশন করেন নৃত্যশিল্পীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত