দুর্দান্ত অ্যাকশনে ভরা অনন্তর দিন-দ্য ডে (ট্রেইলার)

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০৮:৫২ পিএম

ঢাকার সিনেমায় অনন্ত জলিল মানেই নতুন কিছু, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বরাবরই দর্শকদের উপহার দেন চমক। মুক্তির প্রহর গুনছে অনন্ত জলিল অভিনীত ‘দিন-দ্য ডে’। রবিবার রাতে প্রকাশিত হলো ‘দিন-দ্য ডে’ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেইলারটি পুরোই দুর্দান্ত অ্যাকশনে ভরপুর।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’। এই সিনেমায় অনন্ত’র নায়িকা বর্ষা। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে সবকিছু ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়। এ বিষয়ে অনন্ত জলিলের মিডিয়া ম্যানেজার আরাবী বলেন, ‘সিনেমাটির শুটিং ইতিমধ্যেই শেষ করা হয়েছে। এখন ইরানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।’

তিনি আরও জানান, ‘বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। গল্পের প্রয়োজনে নতুনত্ব আনাসহ যতটা বাস্তবভাবে দৃশ্যগুলো ফুটিয়ে তোলা যায় সে লক্ষ্যেই বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটির শুটিং করা হয়েছে। মূলত আন্তর্জাতিক একটা ফিল আনতেই ‘দিন-দ্য ডে’ টিম অক্লান্ত পরিশ্রম করেছেন।’

প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছে ছবিটি। ২০১৮ সালের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত। ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।

সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে। নানারকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসীগোষ্ঠীদের দমনে অভিযানে অংশ নিতে দেখা যাবে তাকে। ছবিটিতে ইসলাম ধর্মের সঠিক ও সুন্দর বার্তা তুলে ধরা হবে। ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ছবিটিতে থাকবে পারস্য সভ্যতার আমেজ।

ইরানি নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন জানতে চাইলে দেশ রূপান্তরকে অনন্ত জলিল বলেন, ‘অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। চার দেশের শিল্পীরা মিলে কাজ করার অভিজ্ঞতা অনেক মজার ছিল। একেক জন একেক ভাষার হলেও আমাদের কাজের রসায়নটা দারুণ ছিল।’

অনন্ত জলিল আরও বলেন, ‘১০০ কোটি বাজেটের সিনেমা আমার বানানোর ক্ষমতা নেই। ইরান বানাচ্ছে। ইরানের সিনেমা আমেরিকার সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে। আপনাদের সবারই জানা ইরানের সিনেমা কেমন।’

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে অনন্ত আরও বলেন, ‘শুটিং যখন শুরু করি তখন মাত্র ৫ ডিগ্রি সেলসেয়িাস তাপমাত্রা পেয়েছিলাম। আর শুটিংয়ের শেষ দিকে এসে ৪১ থেকে ৪৫ ডিগ্রি তাপমাত্রায় কাজ করতে হয়েছে। এই সিনেমার দৃশ্যে সব অরিজিনাল অস্ত্র ব্যবহার করেছি আমরা। সিনেমা দেখলেই বুঝতে পারবেন।’

প্রচারণা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রচারণা কেমন হবে তা এই মুহূর্তে বেলব না। তবে প্রচারণার পুরোটা সময় জুড়েই নানা চমক থাকবে।’

২০১৯ সাল থেকে শুটিং শুরু হয় ছবিটির। ইরানের হেরাতের দুর্গম পাহাড় ও মরুভূমি, আফগানিস্তান সীমান্তে শুটিং চলেছে ছবিটির। এছাড়াও ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত দেশটির আরও অনেক লোকেশনই দেখা যাবে এ ছবিতে। পাশাপাশি বাংলাদেশের বুড়িগঙ্গা ব্রিজ, ৩০০ ফিট, হেমায়েতপুরে শিল্প পার্কসহ বিভিন্ন লোকেশনে হয়েছে ছবিটির দৃশ্যায়ন। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সিনেমাটি শুধু  বাংলাদেশে বা ইরানে নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশেই মুক্তি পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত