সাভারের আশুলিয়ায় একটি বাস থেকে অজ্ঞাত এক তরুণীর (২৫) স্যুটকেসবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় ‘সেবা গ্রিন লাইন’ পরিবহনের একটি বাস থেকে লাশটি উদ্ধার করা হয়।
সেবা গ্রিন লাইন পরিবহনের নবীনগর কাউন্টারের মালিক মো. লিটন জানান, সেবা গ্রিন লাইন রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জে যাত্রী পরিবহন করে থাকে। শুক্রবার দুপুর আড়াইটায় তাদের কাউন্টার থেকে ১৯ যাত্রী তুলে মোট ৪০ জন যাত্রী নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় বাসটি। পরে আরিচা ফেরি পারাপারের পর নবীনগর থেকে ওঠা এইচ-১ সিটের এক যাত্রীকে খুঁজে পাওয়া যায়নি বলে তাদের জানান বাসটির স্টাফরা। পরে বাসটি গোপালগঞ্জের নাজিরপুর পৌঁছলে বাসের বক্সে রেখে যাওয়া ওই যাত্রীর একটি কালো রঙের স্যুটকেস পাওয়া যায়। মালিক না পেয়ে ওই বাসেই স্যুটকেসটি ঢাকার উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়। পরে ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ গিয়ে স্যুটকেস খুলে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার এসআই মাসুদ মুন্সি জানান, রাতে নবীনগর এলাকায় বাসটির বক্স খুলতেই এর ভেতর থেকে উটকো গন্ধ বের হতে থাকে। পরে স্যুটকেস খুলে অজ্ঞাত ওই তরুণীর অর্ধগলিত লাশ পাওয়া যায়। তার পরনে ছিল কেবল একটি হলুদ রঙের পায়জামা।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) ফজলুল হক জানান, হত্যার পর তরুণীর লাশটি স্যুটকেসে ভরে যাত্রীবেশে কৌশলে বাসের বক্সে রেখে গেছে হত্যাকারী। কীভাবে এবং কেন ওই তরুণীকে হত্যা করা হয়েছে তদন্তের পর বলা যাবে।
তরুণীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
