করোনাভাইরাস

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে রিট

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০৪:১২ এএম

করোনাভাইরাস থেকে সুরক্ষায় স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ আবেদন করেন। আবেদনে সব বিমান, নৌ ও স্থলবন্দরে প্রবেশমুখে মনিটরিংয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনাও চাওয়া হয়েছে। আইনজীবী জানান, আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এর ওপর শুনানির জন্য উপস্থাপন করা হবে।

তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না এবং বন্দরগুলোর প্রবেশমুখে তদারকিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে নাÑতা জানতে চেয়ে রুলের আরজি জানানোর পাশাপাশি এসব বিষয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে। অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ দেশ রূপান্তরকে বলেন, ‘সংবিধানের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের অন্যতম দায়িত্ব ব্যক্তির চিকিৎসাসহ জীবন ধারণের মৌলিক উপকরণ নিশ্চিত করা। এছাড়া ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে ব্যক্তির জীবন ও দেহের ওপর আঘাত আসে। পাশাপাশি ৩২ অনুচ্ছেদে আইন অনুযায়ী ব্যতীত কোনো ব্যক্তিকে জীবন রক্ষা হতে বঞ্চিত করা যাবে না। কিন্তু করোনা নিয়ে এখন পর্যন্ত সরকারের যে পদক্ষেপ তা যথেষ্ট নয়। এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ ঘোষণা করা হয়নি। এসব যুক্তিতে এ আবেদন করা হয়েছে।’

করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচজন আক্রান্ত হওয়ার খবর জানা গেছে। এমন পরিস্থিতিতে জনসমাগম এড়াতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত