আজহারের মৃত্যুদন্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০৪:২৩ এএম

মুক্তিযুদ্ধের সময় গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান গতকাল রবিবার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধান বিচারপতিসহ অপর বিচারপতির স্বাক্ষরিত পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি বিচারিক  ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ রায়ের বিরুদ্ধে আজহারের করা আপিল আংশিক মঞ্জুর করে গত বছরের ৩১ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেয়। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, এ অনুলিপি পাওয়ার পর ১৫ দিনের মধ্যে আজহারের সামনে এই রায় পুনর্বিবেচনার (রিভিউ) সুযোগ রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনালে বিচারকদের স্বাক্ষরিত হয়ে মৃত্যু পরোয়ানা যাবে কারাগারে। আজহার রিভিউ আবেদন না করলে কিংবা করার পর তা খারিজ হয়ে গেলে কারাবিধি অনুযায়ী তার ফাঁসির দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে সরকার। অবশ্য দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের সুযোগ থাকবে আজহারের। যদি সেই আবেদনও নাকচ হয়ে যায়, তাহলে দণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকবে না।  

মামলায় এ টি এম আজহারকে ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালের ১২ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। একাত্তরে এ টি এম আজহার ছিলেন ইসলামী ছাত্রসংঘের রংপুর জেলা শাখার সভাপতি ও কুখ্যাত আলবদর বাহিনীর রংপুরের কমান্ডার। মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর রংপুরে গণহত্যার তিনটি অভিযোগে (২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত ৩১ অক্টোবর আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ে আজহারের আপিল আংশিক মঞ্জুর হয়। এর মধ্যে দ্বিতীয় অভিযোগে গণহত্যার দায়ে তার মৃত্যুদণ্ড বহাল রাখে সর্বোচ্চ আদালত। তৃতীয় অভিযোগে গণহত্যার অভিযোগের মৃত্যুদণ্ডও বহাল থাকে তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত