করোনা ভাইরাসের আতঙ্কে সারা দেশ তটস্থ। কমে গেছে সিনেমা হলের দর্শক সংখ্যাও। এমন পরিস্থিতিতে সিনেমা হল বন্ধের ঘোষণা আসছে।
দেশ রূপান্তরকে প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলা উদ্দিন বলেন, ‘করোনা ভাইরাসের কারণে এমনিতেই দর্শক কমে গেছে। আজ সন্ধ্যায় আমরা মিটিং করেছি। মিটিংয়ের পর হল বন্ধের সিদ্ধান্ত নিই। ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
মিয়া আলাউদ্দিন আরও বলেন, ‘দেশের পরিস্থিতি বুঝে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। কবে নাগাদ চালু করা হবে সিনেমা হল। আর এই সময়ের মধ্যে কোনো প্রযোজক সিনেমা হলে সিনেমা সরবরাহ করবে না।’
এদিকে প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ দেশ রূপান্তরকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। প্রযোজকরা নিজেদের সিদ্ধান্তে হল বন্ধ করছেন।’
জানা যায়, গত শুক্রবার থেকেই হল মালিকরা সিনেমা হল বন্ধ করার জন্য মুখিয়ে আছেন। প্রহর গুনছেন আনুষ্ঠানিক সিদ্ধান্তের। আজ সন্ধ্যার দিকে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
