দেশে করোনাভাইরাস শনাক্তের পর সরকারের পক্ষ থেকে বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিগত ২৪ ঘণ্টায় ১১টি জেলায় নতুন করে ২৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর চারজনকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বিদেশফেরত অনেকেই হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং দৈনন্দিন কাজকর্ম করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে করোনা পরিস্থিতি
মাদারীপুর : সম্প্রতি ইতালিসহ বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে আসা ব্যক্তিদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় দুজনকে ঢাকায় আইসোলেশন এবং জেলায় নতুন করে ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো বলে গতকাল সোমবার জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম।
নীলফামারী : জেলা সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ জানান, নীলফামারীতে বিদেশফেরত নতুন ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগের ৩৬ জনের ১৪ দিনের মেয়াদ শেষ হয়েছে, তারা সুস্থ আছেন।
নতুন ১৩ জনকে স্বাস্থ্য বিভাগ কঠোর নজরদারিতে রাখার দাবি করলেও অনেককে প্রকাশ্যে জনবহুল এলাকায় চলাফেরা ও বাজার করতে দেখার অভিযোগ করেছেন স্থানীয়রা। ডোমার পৌরসভার প্যানেল মেয়র মো. এনায়েত হোসেন নয়ন বলেন, ‘অস্ট্রেলিয়া প্রবাসী এক ব্যক্তির হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তাকে আমি প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখেছি। গত রবিবার তিনি একটি পাঠাগারে ভোটও দিতে এসেছিলেন।’
তবে ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘এমন তথ্য এখনো পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালী : জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান গতকাল জানান, বিগত ৫ দিনে বিদেশফেরত ৪১ জনকে হোম কোয়ারেন্টাইনে ও একজনকে বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
সুনামগঞ্জ : জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিদেশফেরত পাঁচ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিভিল সার্জন মো. শামস উদ্দিন বলেন, ‘বিদেশ থেকে যারা আসছেন নিজ বাড়িতে তাদের ১৪ দিন নজরদারি করা হচ্ছে।’
সাভার (ঢাকা) : সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, বিদেশফেরত ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কারও মধ্যে ভাইরাসের উপসর্গ পাওয়া না গেলেও সতর্কতা হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নরসিংদী : নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, ৬টি উপজেলায় এক নারীসহ ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সম্প্রতি ইতালি, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও দুবাই থেকে দেশে আসেন।
খুলনা : খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, বিদেশফেরত ছয়জন ও স্থানীয় দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছয়জন সম্প্রতি ভারত, সিঙ্গাপুর, ওমান ও ইতালি থেকে দেশে আসেন।
বরিশাল : বরিশাল সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, বিগত ২৪ ঘণ্টায় বিদেশফেরত ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২০ জনকে এ ব্যবস্থাপনায় রাখা হলো।
এদিকে বরিশালের বাকেরগঞ্জে হোম কোয়ারেন্টাইন থেকে আত্মগোপনে চলে যাওয়া ব্যক্তি গতকাল নিজ বাড়িতে ফিরে এসেছেন। সিভিল সার্জন জানান, স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে ওই ব্যক্তি আত্মগোপন করেন। পরে পরিবারের সদস্যরা ফিরে আসার কথা জানান।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গতকাল সকালে ইতালিফেরত এক যুবককে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার বাবা জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র দেওয়া হয়। ঢাকায় দুদিন অবস্থানের পর বাড়ি ফিরে ঠা-া-কাশি, গলা ব্যথাসহ জ্বর দেখা দিলে আলাদা রাখা হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মানিকগঞ্জ : মানিকগঞ্জে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় বিদেশফেরত মোট ২৫৪ জনকে কোয়ারেন্টাইনে রাখার কথা জানান সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।
এদিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম গত রবিবার সন্ধ্যায় হোম কোয়ারেন্টাইনে না থেকে লোকালয়ে ঘোরাঘুরির অপরাধে সৌদি প্রবাসী এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
মৌলভীবাজার : মৌলভীবাজারে বিদেশফেরত ৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা ইতালি, আমেরিকা ও মধ্যপ্রাচ্য থেকে সম্প্রতি দেশে আসেন। জেলা সিভিল সার্জন ডা. তৌহীদ আহমদ জানান, উপসর্গ দেখা দেয় কি না তা দেখতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা অনেকেই নিয়ম মানছেন না। তারা লোকালয়ে ঘোরাঘুরি ও দৈনন্দিন কাজকর্ম করছেন। এ বিষয়ে জেলা সিভিল সার্জন বলেন, ‘আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। কেউ এমনটি করলে ব্যবস্থা নেওয়া হবে।’
কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা, আদমপুর, পতনউষার, মুন্সীবাজার ও শমশেরনগর ইউনিয়নে বিদেশফেরত ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর ৩ জনকে সতর্কতার সঙ্গে চলাফেরার নির্দেশনা দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
