রাজধানীর মুগদায় ছিনতাইকারীর হেঁচকা টানে রিকশা থেকে পড়ে তারিনা বেগম লিপি (৩৮) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় প্রধান সন্দেহভাজন মিজুয়ান মিয়া ওরফে মান্নান ওরফে মনা (৩২) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
পুলিশ বলছে, গতকাল সোমবার গভীর রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও থানার নন্দীপাড়া নাগদারপাড়া এলাকায় ডিবির খিলগাঁও জোনাল টিমের সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি প্রাইভেটকার, এক রাউন্ড গুলি, পিস্তল ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মো. আসাদুজ্জামান জানান, শনিবার রাতে মনা, লিটন, আবদুল মজিদ ও রফিক হাওলাদার নামে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তথ্য পেয়ে মনাকে নিয়ে ছিনতাই করা পণ্য উদ্ধার ও অন্য আসামিদের গ্রেপ্তারে সোমবার ভোররাত ৩টার দিকে নাগদারপাড়ায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগী ছিনতাইকারীরা গুলি ছোড়ে। এ সময় মনা দৌড়ে পালানোর চেষ্টা করে। দুই পক্ষে বন্দুকযুদ্ধ হয়। গোলাগুলি থামার পর মনার লাশ পাওয়া যায়। তিনি জানান, মনা মুগদা এলাকার একটি ছিনতাইকারী দলের নেতা। এ দলের কবলে পড়েই গত ২৯ ফেব্রুয়ারি মুগদায় রিকশা আরোহী তারিনা বেগম লিপির মৃত্যু হয়।
প্রসঙ্গত, ২৯ ফেব্রুয়ারি ভোর পৌনে ৬টার দিকে মুগদা স্টেডিয়ামের সামনে দিয়ে রিকশায় করে স্বামী, ছেলে ও মেয়েকে নিয়ে কমলাপুর রেলস্টেশনে যাচ্ছিলেন লিপি। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে এক ছিনতাইকারী লিপির হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগসহ রিকশা থেকে নিচে পড়ে মাথায় আঘাত পান লিপি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
