করোনা পরীক্ষার কিট আবিষ্কারের দাবি গণস্বাস্থ্যকেন্দ্রের

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০২:৩৯ এএম

করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ পরীক্ষার কিট আবিষ্কার করেছে বলে দাবি করেছে গণস্বাস্থ্যকেন্দ্রের একটি প্রতিষ্ঠান আরএনএ বায়োটেক লিমিটেড। গতকাল মঙ্গলবার তারা জানিয়েছে, এই কিটের দাম রাখা হবে মাত্র ২০০ টাকা। এখন ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) অনুমোদন দিলেই তা বাজারজাত করা সম্ভব হবে।

গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, সিঙ্গাপুর ও গণস্বাস্থ্যের এক দল গবেষক মিলে এই কিট আবিষ্কার করেছেন। আমরা আশা করছি, দেশে করোনা পরীক্ষার কিটের যে সংকট আছে, তা এই আবিষ্কারে দূর হবে। তিনি বলেন, অনুমোদনের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরে আমরা আবেদন করেছি। অনুমতি পেলে আমরা এক মাসের মধ্যেই বড় উৎপাদনে যাব। আমরা মাত্র ২০০ টাকায় জনগণকে কিটটি সরবরাহ করব। আর সরকারের উচিত এমন নিয়ম করা, যাতে জনগণ মাত্র ৩০০ টাকাতেই করোনাভাইরাসের পরীক্ষা করাতে পারে। এই কিট উৎপাদনে কাজ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিহাদ আদনান। তিনি জানান, যেকোনো ধরনের ভাইরাস শনাক্ত করতে হলে অবশ্যই তার জেনেটিক তথ্য জানা থাকতে হবে। পাশাপাশি ভাইরাসটির ইউনিক সিকুয়েন্স, সারফেস প্রোটিন সম্পর্কে সব তথ্যের বিশ্লেষণ থাকতে হবে। ইতিমধ্যে এসব বিষয় আমাদের আয়ত্তে এসেছে।

এক বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্যকেন্দ্র বলেছে, করোনাভাইরাস পরীক্ষায় মানসম্মত পদ্ধতি হলো রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরআরটি-পিসিআর) এবং নাসোফেরেঞ্জিয়াল সোয়াব বা স্পুটাম নমুনা থেকে সিকোয়েন্সিংয়ের মাধ্যমে নিশ্চিত করা, যার ফল কয়েক ঘণ্টা থেকে দুই দিনের মধ্যে পাওয়া যাবে। এই ধরনের ডায়াগনস্টিক কৌশলের সীমিত সংস্থান বাংলাদেশে আছে। এক্ষেত্রে অত্যাধুনিক পরীক্ষাগার ও দক্ষজনবলও দরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত