বিশ্বব্যাপী মহামারী রূপে দেখা দেওয়া করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদ বাদে সৌদি আরবের অন্য সব মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী রিয়াদে জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী এখন মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতেই শুধু জামাতে নামাজ আদায় হবে।
কাউন্সিলের ওই বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত হয়, নামাজ বন্ধ থাকলেও সব মসজিদ থেকে আগের মতোই আজান দেওয়া হবে। সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, ইসলামি শরিয়া অনুযায়ী সম্ভাব্য ক্ষতি কমাতে মসজিদে জুমাসহ সব ধরনের নামাজের জামাত বন্ধ রাখার সুযোগ আছে। যেহেতু করোনাভাইরাস অতি সংক্রামক এবং যেকোনো ধরনের জমায়েত এই ভাইরাসের জন্য বড় ঝুঁকি তৈরি করে, সেহেতু কাউন্সিল মসজিদে আপাতত জামাত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে।
