করোনা প্রতিরোধ

২৫ স্থানে হাত ধোয়ার উদ্যোগ ডিএনসিসির

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০৩:০৭ এএম

করোনাভাইরাস প্রতিরোধে ২৫টি স্থানে পথচারীদের জন্য হাত ধুয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল মঙ্গলবার সকালে নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম ও প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা গুলশান-২ নম্বর ডিএনসিসি মার্কেটের সামনে এ কর্মসূচি উদ্বোধন করেন।

মেয়র বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সচেতনতার প্রথম শর্ত হচ্ছে হাত ধোয়া। পথচারীদের সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে যে কেউ হাত ধুতে পারবেন। পর্যাপ্ত সাবান ও পানির ব্যবস্থা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘করোনা আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজন হলে মহাখালীতে ডিএনসিসির নতুন মার্কেটটি ব্যবহার করা যাবে।’

পরে মেয়র বর্জ্য পরিবহনের জন্য ডিএনসিসি থেকে নতুন কেনা ২০টি ট্রাকের চাবি চালকদের হস্তান্তর করেন। ট্রাকগুলো ২০টি ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হবে। এ সময় অন্যদের মধ্যে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য কর্মকর্তা কমোডর মঞ্জুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

যে ২৫ স্থানে হাত ধোয়া যাবে : উত্তরায় রবীন্দ্র সরণি (বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ), রাজলক্ষ্মী মার্কেটের সামনে, মাসকট প্লাজার সামনে, খিলক্ষেত বাসস্ট্যান্ড, বসুন্ধরা আবাসিক এলাকার গেইটের সামনে, মিরপুরে সনি সিনেমা হলের সামনে, গ্রামীণব্যাংকের বিপরীত দিকে ডিএনসিসি আঞ্চলিক কার্যালয়ের সামনে, মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ফায়ার সার্ভিসের সামনে, মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড, মিরপুর-১৪ নম্বর মার্ক মেডিকেলের সামনে, মিরপুর-১০ নম্বর গোলচত্বরে শাহ আলী মার্কেটের কোনায়, মিরপুর শপিংমলের নিচে, মিরপুর-১ নম্বর কো-অপারেটিভ মার্কেটের সামনে, গাবতলী পশুহাট, শ্যাওড়াপাড়া বাসস্ট্যান্ড, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে, মোহাম্মদপুর টাউন হলের সামনে, মোহাম্মদপুর বসিলা রোডের নতুন রাস্তার কালভার্টের ওপর, কারওয়ান বাজার (কিচেন মার্কেটের সামনে), আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে, গুলশান-২ ডিএনসিসি মার্কেটের সামনে, গুলশানে পুলিশ প্লাজার সামনে, কাকলী বাসস্ট্যান্ড, মহাখালী ডিএনসিসি আঞ্চলিক অফিসের সামনে এবং রামপুরা বাজার। পর্যায়ক্রমে ডিএনসিসির অন্যান্য জনসমাগমস্থলেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত