কডিড-১৯ বা করোনাভাইরাস সংক্রমণ প্রতিহতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে দেশের সব কারখানায় থার্মাল স্ক্যানার ব্যবহারের নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের সাধারণ সেবা অধিশাখা থেকে জারিকৃত এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
উপসচিব প্রতুল কুমার সাহা স্বাক্ষরিত এ সার্কুলারে বলা হয়, বিশ্বব্যাপী কভিড-১৯ (করোনা) ভাইরাস সংক্রমণের সাম্প্রতিক প্রভাব বাংলাদেশে ৮ মার্চ প্রথম তিনজন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। এরই পরিপ্রেক্ষিতে শ্রমঘন শিল্প, বিশেষত চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত পণ্য, প্লাস্টিক পণ্য, সার, চিনি, লবণ ইত্যাদি উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ অন্যান্য উৎপাদন ও সেবা সেক্টরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কর্র্তৃক জারিকৃত নির্দেশনা সঠিকভাবে প্রতিপালন করার জনা বিশেষভাবে অনুরোধ করা হলো। এ জন্য সব কর্মীকে দেহের তাপমাত্রা পরিমাপক থার্মাল স্ক্যানার ব্যবহারের মাধ্যমে পরীক্ষা করে কর্মক্ষেত্রে প্রবেশ করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব কারখানা কর্র্তৃপক্ষ ও মালিকপক্ষকে অনুরোধ করা হলো।
এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে ওই কর্মীকে বাধ্যতামূলক ছুটি প্রদান করে সংগনিরোধ ব্যবস্থা গ্রহণপূর্বক চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া কর্মক্ষেত্রে নিয়মিত বিরতিতে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, আইইডিসিআর কর্র্তৃক নির্দেশিত পন্থায় হাঁচি-কাশি দেওয়া, করমর্দন-কোলাকুলি থেকে বিরত থাকা, জনসমাগম পরিহার করা সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে সহকর্মীদের উৎসাহিত করা ও এ বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, শিল্প মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতুল কুমার সাহাকে শিল্প মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। কন্ট্রোল রুমের হটলাইন নম্বর +৮৮ ০২ ৯৫৫৮৪১৩, মোবাইল নম্বর ০১৭২০০৯৮৩৬১, ই-মেইল অ্যাড্রেস [email protected]
