সন্তানসম্ভবা নাকি করোনার ভয়!

আপডেট : ১৮ মার্চ ২০২০, ১১:০৫ পিএম

বলিউডের ফ্যাশন আইকন সোনম কাপুরের মা হওয়ার গুঞ্জন শোনা গেছে একাধিকবার। ফের সেই গুঞ্জন ডালপালা মেলেছে। এবার নাকি সত্যিই মা হতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। এমন গুঞ্জনই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নায়িকা এতদিন তাদের লন্ডনের বাড়িতে ছিলেন। দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই প্রেক্ষিতে সম্প্রতি সোনম ইন্সটাগ্রামে একটি পোস্ট দিয়ে জানান, তিনি দেশে ফিরে আসছেন। এই পরিস্থিতিতে তিনি পরিবারের সঙ্গে থাকতে চান। এতেই আবার মাথাচাড়া দিয়ে ওঠে তার মা হওয়ার জল্পনা। যদিও সোনম ও তার পরিবারের পক্ষ থেকে এ-সংক্রান্ত কোনো তথ্যই প্রকাশ করা হয়নি। বছরখানেক আগে স্বামী আনন্দ আহুজার সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল, আনন্দ নিচু হয়ে সোনমের জুতার ফিতে বেঁধে দিচ্ছেন। তা দেখে অনেকে মনে করেছিলেন, সোনম হয়তো সন্তানসম্ভবা। সেবারই প্রথম এই নায়িকার মা হওয়ার গুঞ্জন শুরু হয়। বলিউড সুপারস্টার অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর বরাবরই সবকিছু ব্যক্তিগত পর্যায়ে রাখতে পছন্দ করেন। দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজাকে তিনি কবে বিয়ে করবেন, তাও কেউ আগাম আঁচ করতে পারেননি। ২০১৮ সালে সোনম-আনন্দর বিয়ে হয়।

করোনাভাইরাসের কারণে অনেক বলি তারকা নিজেদের ঘরবন্দি করে রেখেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন সোনম কাপুর। এই নায়িকা বিশ্ব সংকটে পরিবারের সঙ্গে থাকতে স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডন থেকে মুম্বাই ফিরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্ক পরে একটি ভিডিও শেয়ার করেছেন সোনম। সেই ভিডিওতে সোনম-আনন্দকে বিমানে বসে থাকতে দেখা যায়। আর দেশে ফিরে অবশ্য ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে সোনম ও আনন্দকে। এ বিষয়ে সোনম বলেন, ‘করোনাভাইরাস যেভাবে সারা বিশ্বে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে, সেখানে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকা দরকার। নিজের জন্য, স্বজনদের জন্য এবং দেশের জন্য এতটুকু আমাদের করতেই হবে।’

এরই মধ্যে ভারতের বিভিন্ন চলচ্চিত্র সংগঠন, ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়িজ, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন এবং প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে ১৯  থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শ্যুটিং বন্ধ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত