করোনা-ঝুঁকি

বিভিন্ন স্থানে পর্যটকদের ভ্রমণে ‘না’

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০৩:৫৩ এএম

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ মহামারী রূপ নিয়েছে। বেশি আক্রান্ত দেশগুলো এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করে নাগরিকদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘরে থাকতে বলেছে দেশগুলোর সরকার। বাংলাদেশে সরকারি হিসাবে এ পর্যন্ত ১৪ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। আর এর মধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ পরিস্থিতে গতকাল বুধবার করোনা মোকাবিলায় দেশের বিভিন্ন এলাকার পর্যটন স্থানে জনসমাগমে নিরুৎসাহিত করার পাশাপাশি নিষেধাজ্ঞাও দিয়েছে স্থানীয় প্রশাসন। কক্সবাজারে সমুদ্র সৈকতে জনসমাগমে নিরুৎসাহিত করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তবে চট্টগ্রামের পতেঙ্গা ও পারকি সৈকতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু সাফারি পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

কক্সবাজারে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা নেই : কক্সবাজার সমুদ্র সৈকতে গণজমায়েতে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত পর্যটক আগমনে নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে কক্সবাজারে পর্যটক আগমনে সরকারিভাবে আপাতত কোনো নিষেধাজ্ঞা নেই। তবে যেসব পর্যটক ইতিমধ্যে কক্সবাজার ভ্রমণে এসেছেন তাদের আমরা নিরুৎসাহিত করছি। তাদের আমরা নিষেধ করছি জনসমাগম না করার জন্য। এক সঙ্গে সমুদ্রে গোসল না করার জন্য। প্রয়োজন ছাড়া হোটেল থেকে বের না হতে বলা হয়েছে।’

কক্সবাজার কলাতলী মেরিন ড্রাইভ রোড হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদত মুকিম খান বলেন, ‘পর্যটন ব্যবসাকে পুঁজি করে কক্সবাজার সমুদ্রপাড়ে অন্তত সাড়ে ৪০০ হোটেল মোটেল গড়ে উঠেছে। কিন্তু, করোনাভাইরাস আতঙ্কে অধিকাংশ হোটেলের আগাম বুকিং বন্ধ হয়ে গেছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে হোটেল মালিকদের জনসমাগম এড়িয়ে চলার জন্য নিষেধ করা হয়েছে।

শ্রীমঙ্গলে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় থেকে এ নির্দেশ জারি করা হয়। ইউএনও নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। শ্রীমঙ্গল একটি পর্যটনসমৃদ্ধ এলাকা। এখানে দেশি ও বিদেশি পর্যটকদের সমাগম ঘটে। তাই উদ্ভূত পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত উপজেলার সব হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্ট হাউজে পর্যটকদের বুকিং না নেওয়ার নির্দেশ দেওয়া হলো। এছাড়া আগাম বুকিংও বাতিল করতে হবে।

চট্টগ্রামে পতেঙ্গা সৈকতে জনসমাগমে নিষেধাজ্ঞা : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জনস্বাস্থ্য বিবেচনায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের দিকনির্দেশনা ও জনসচেতনতামূলক প্রচারণা সত্ত্বেও সৈকত এলাকায় জনসাধারণের অহেতুক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। এতে করোনাভাইরাসের দ্রুত বিস্তার ঘটতে পারে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সৈকতের আশপাশের দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। দর্শনার্থীদের সৈকতে প্রবেশ করতে দেওয়া হবে না।

পারকি সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল রাতে ইউএনও ও পারকি সৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ জোবায়ের আহমেদ এ আদেশ জারি করেন। ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, করোনাভাইরাসের প্রভাব কমাতে সরকার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। কিন্তু এরমধ্যে কিছু কিছু অতিউৎসাহী মানুষ  বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। তাই করোনা মোকাবিলার জন্য পারকি সৈকতে দর্শনার্থীদের ঘুরে বেড়ানো ও অবস্থান নিষেধ করা হয়েছে।

এ প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন চট্টগ্রাম ব্যুরো, আনোয়ার (চট্টগ্রাম) প্রতিনিধি, কক্সবাজার প্রতিনিধি ও শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত