যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনের সরকারি নির্দেশনা না মেনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সিটি মেয়র ও বর্তমানে দলের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। গত মঙ্গলবার ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণকালে কামরান সেখানে উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বদর উদ্দিন আহমদ কামরান নিজের ফেইসবুক পেজে ওই কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি প্রকাশ করলে গতকাল বুধবার এটা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ছাড়া গতকাল বুধবারও তিনি সিলেট আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষের আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, বদর উদ্দিন আহমদ কামরান গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্য ভ্রমণে যান। ১৫ মার্চ তিনি দেশে ফিরেছেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বিদেশফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা ঘোষণা করেছে সরকার। কিন্তু এই বিধি না মেনে বদর উদ্দিন আহমদ কামরান গত মঙ্গলবার ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে এবং গতকাল সিলেটের অনুষ্ঠানে যোগদান করেছেন।
সিলেটের অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি নিজেই বলেছিলেন, ‘আমি বিদেশে থাকলেও সিলেটের আয়োজনের ব্যাপারে খোঁজখবর রেখেছি। সিলেটে মুজিববর্ষের সফল অনুষ্ঠান হচ্ছে জেনে আমি আনন্দিত।’
এ ব্যাপারে বদর উদ্দিন আহমদ কামরানের বক্তব্য জানার জন্য গতকাল রাতে তার মোবাইল ফোনে কল করে তা বন্ধ পাওয়া যায়।
