কোয়ারেন্টাইনের শর্তভঙ্গে ১১ জন প্রবাসীকে অর্থদন্ড

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০৪:০০ এএম

হোম  কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশা ও ঘরের বাইরে গিয়ে লোকালয়ে চলাফেরা করার দায়ে দেশে বিভিন্নস্থানে ১১ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার স্বাস্থ্য বিভাগের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের খোঁজ নিতে গেলে তাদের বাইরে পাওয়া যায়। 

ফরিদপুরে ৩ হাজার ৮৩৫ জন বিদেশ ফেরতের একটি তালিকা নিয়ে মাঠে নেমেছে স্বাস্থ্য বিভাগ। গত ১ মার্চ থেকে ১৫ মার্চ যারা এসেছেন তাদের বেশিরভাগই ভারত থেকে আসা। এসব বিদেশ ফেরত লোককে খুঁজে খুঁজে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক অতুল সরকার।

চট্টগ্রামের করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কামরুল হাসান রুমি (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামরুল গত রবিবার বিকেলে তার ফেইসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট ইংলিশ গ্রামার স্কুলের চার শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত বলে প্রচার করে। বিস্তারিত আমাদের ব্যুরো অফিস ও  প্রতিনিধিদের পাঠানো খবরে 

৬ প্রবাসীকে জরিমানা : কুষ্টিয়ার ভেড়ামারায় হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় শরিফুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সোহেল মারুফ এই দন্ড দেন। শরিফুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার মজলিসপুর এলাকার ওয়ারেস আলীর ছেলে। তিনি গত ১৩ মার্চ ওমান থেকে বাংলাদেশে আসেন।

নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টাইন না মানায় একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ নিতে গিয়ে ওই ব্যক্তিকে বাইরে পাওয়া যায়। একই অভিযোগে  জামালপুরে পৌর এলাকার বগাবাইদে সৌদি ফেরত এক নারীকে নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

টাঙ্গাইলের সখীপুরে কোয়ারেন্টাইন থেকে লোকালয়ে আসায় সিঙ্গাপুর ফেরত হামিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ অর্থদন্ডের আদেশ দেন।

হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘোরাফেরার দায়ে মাদারীপুরে এক স্পেন প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদ- এবং এক ইতালি প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 হোম কোয়ারেন্টাইনে না থেকে ঘুরে বেড়ানোর দায়ে মনির হোসেন নামে এক ওমান প্রবাসীকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত ৮ মার্চ ওমান থেকে দেশে ফেরেন মনির।

সুনামগঞ্জ ছাতক উপজেলায় সৌদি প্রবাসী একজন হোম কোয়ারেন্টাইনে না থেকে ঘোরাফেরা করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজারে সৌদি ফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইন না মেনে ঘুরতে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন।

করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা না মানায়  মৌলভীবাজারে বিদেশ ফেরত ৩ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এই তিনজনই ইউরোপফেরত প্রবাসী বলে জানা গেছে। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাতক্ষীরায় করোনোভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে হোম কোয়ারেন্টাইনের শর্ত না মেনে প্রকাশ্যে চলাফেরা করায় মো. কামরুজ্জামান নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন। টাঙ্গাইলের গোপালপুরে কোয়ারেন্টাইন থেকে  লোকালয়ে আসায় সিঙ্গাপুরফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নির্দেশ অমান্য করার দায়ে কক্সবাজারে বিদেশফেরত ৩ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফরিদপুরে ৩৮শ’ বিদেশফেরতকে খুঁজছে স্বাস্থ্য বিভাগ : ফরিদপুরে করোনাভাইরাস প্রতিরোধে ৩ হাজার ৮৩৫ জন বিদেশ ফেরত যাত্রীর তালিকা নিয়ে মাঠে নেমেছে স্বাস্থ্য বিভাগ। যাদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তারা সে নির্দেশ মানছেন না। গত ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত এরা বিদেশ থেকে এসেছেন যাদের বেশিরভাগই ভারত থেকে। এসব বিদেশফেরত লোকদের খুঁজে খুঁজে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক অতুল সরকার।

গত মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক অতুল সরকার জানান, ইমিগ্রেশন পুলিশের তরফ থেকে ফরিদপুরের স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তালিকা সরবরাহ করা হয়েছে। এদের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা রয়েছে।

জেলা প্রশাসক জানান, বুধবার সকালে যোগাযোগ করা হলে সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত ২০ জন বিদেশফেরত নিজ উদ্যোগে যোগাযোগ করেছেন। যারা সবাই নিজ উদ্যোগেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

করোনাভাইরাস নিয়ে গুজব, গ্রেপ্তার ১ : করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত মঙ্গলবার রাতে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামরুল হাসান রুমির (৩৯) বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হলেও থাকেন নগরীর হালিশহর জি ব্লকে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহ্মুদুল হাসান মামুন জানান, পেশায় ইন্টেরিয়র ডিজাইনার রুমি গত রবিবার বিকেলে তার ফেইসবুক  মেসেঞ্জারের মাধ্যমে নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট ইংলিশ গ্রামার স্কুলের চার শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত বলে প্রচার করেন। রুমির প্রচার করা  মেসেজটি বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের কারণে অনেকে আতঙ্কিতও হয়ে পড়েন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সার্কিট হাউজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত