সাংবাদিকদের প্রধান বিচারপতি

আদালত বন্ধের সিদ্ধান্ত বিচারপতিদের সঙ্গে আলোচনা করে

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০৪:১৪ এএম

করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতসহ অধস্তন আদালতগুলো পূর্ণ বন্ধ থাকবে কি না, এ বিষয়ে বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে গতকাল বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আমরা সচেতন। আমরা সব জজ বসে সিদ্ধান্ত নেব, এ নিয়ে কী করা যায়। আপাতত কোর্ট বন্ধ (সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি চলছে) আছে। কোর্ট খোলার আগেই আমরা সবাই বসব।’

তিনি বলেন, ‘বিচারপ্রার্থী জনগণ যারা আছেন, তাদের যাতে ক্ষতি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। সবকিছু খেয়াল রেখেই আমরা সিদ্ধান্ত নেব। কোর্ট খোলার আগেই সিদ্ধান্ত নেব।’

অধস্তন আদালতের বিষয়ে কী সিদ্ধান্ত হবেসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, সব আদালতই তো সুপ্রিম কোর্টের অধীনে। সুতরাং আমরা সব ব্যাপারেই সিদ্ধান্ত নেব। লাখ লাখ বিচারপ্রার্থী মানুষের কথাও আমাদের মনে রাখতে হবে। কোর্ট পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলে মানুষের ভোগান্তি বেড়ে যেতে পারে। অনেকে জরুরি বিষয়াদি নিয়ে আদালতে আসেন। সুতরাং এগুলো নিয়ে সবাই বসে একসঙ্গে আমরা একটা সিদ্ধান্ত নেব।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী, বিচারপতি মো. নুরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত