গাজীপুর মহানগরের মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে ঢাকার উত্তরায় কুয়েতমৈত্রী হাসপাতালে করোনা সন্দেহে স্থানান্তর আটজনের মধ্যে সাতজনকে পুনরায় গাজীপুরে নেওয়া হয়েছে। গত রাতে অ্যাম্বুলেন্সে করে জেলার কাপাসিয়া উপজেলার পাবুর মা ও শিশু কল্যাণকেন্দ্রে তাদের নেওয়া হয়। এর আগে ওই আটজনের মধ্য থেকে একজনের করোনা পজিটিভ হয়।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান জানান, একজনের শরীরে করোনা পজিটিভ পাওয়ায় তাকে ঢাকাতেই রাখা হয়েছে। এদিকে ইতালিফেরত ৪৪ প্রবাসীর মধ্যে ৩৬ জন বর্তমানে মেঘডুবি ২০ শয্যাবিশিষ্ট মা ও স্বাস্থ্য কল্যাণকেন্দ্রের কোয়ারেন্টাইনে রয়েছে। এর আগে শরীরে অস্বাভাবিক তাপমাত্রা থাকায় দুই দফায় আটজনকে রাজধানীর হাসপাতালে পাঠায় স্থানীয় প্রশাসন।
গত ১৪ মার্চ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪ জন ইতালিফেরত প্রবাসীকে মেঘডুবি মা ও শিশু কল্যাণকেন্দ্রে পাঠানো হয়। সেখানে তাদের ওই কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে ১৫ মার্চ চারজন ও ১৬ মার্চ চারজনকে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়। ওই আটজনের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। গাজীপুরের ওই কোয়ারেন্টাইনে এখনো ৩৬ ইতালি প্রবাসী রয়েছেন। এছাড়া পুরো গাজীপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৮ জন।
