করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী

আপডেট : ২০ মার্চ ২০২০, ০৬:১৪ এএম

করোনাভাইরাস নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে দেশের নাট্যাঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে তিনি এ অনুরোধ জানান। তথ্যমন্ত্রী বলেন,

‘আমি দেশবাসীকে অনুরোধ জানাব, কেউ দয়া করে গুজব ছড়াবেন না। যেমন একটি গুজব ছড়ানো হয়েছে যে, ইউনাইটেড হাসপাতালে চারজন ডাক্তার করোনায় আক্রান্ত, যেটি পুরোপুরি গুজব। এ ধরনের গুজব ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করলে সরকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। সাংবাদিক ভাইদের অনুরোধ জানাব, কেউ এ ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করলে আপনারাও তা প্রতিহত করবেন।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল (বুধবার) যিনি মৃত্যুবরণ করেছেন, তার সন্তান আমেরিকায় থাকেন। তিনি এসে বাবার সঙ্গে ছিলেন, পরে চলে গেছেন, বাবা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ পরিবারের মধ্যে সংক্রমণটা হয়েছে পরিবারের

সদস্যের মাধ্যমে। সুতরাং সতর্কতার বিষয়গুলো আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন।’ তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যাতে করোনাভাইরাস ব্যাপকতা না পায়, আরও মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে, সেজন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তবে এ ক্ষেত্রে কোনো প্যানিক (আতঙ্ক) তৈরি উচিত নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, এ বৈশ্বিক দুর্যোগ থেকে আমরা আমাদের দেশকে যেন রক্ষা করতে পারি। তবে এজন্য সবার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’

সরকারের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি ও পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এরপরও বাংলাদেশের এক কোটি মানুষ বিদেশে থাকে। কয়েক লাখ মানুষ ইতালি ও স্পেনে থাকে। ইউরোপের অন্যান্য দেশগুলোতেও লাখ লাখ বাঙালি বসবাস করে। ইউরোপে যখন এ করোনাভাইরাস ব্যাপকতা পায়, তখন আমাদের প্রবাসী বাঙালিরা অনেকেই দেশে চলে এসেছে। মূলত তাদের মাধ্যমেই আমাদের দেশে করোনাভাইরাস এসেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত