করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশজুড়ে উদ্বেগের প্রেক্ষাপটে জনতা কারফিউ পালনের ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার
স্থানীয় সময় সন্ধ্যার দিকে করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশে এক ভাষণে কারফিউ জারির এ ঘোষণা দেন তিনি। মোদি বলেন, রবিবার থেকে দেশে জনতা কারফিউ কার্যকর হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের প্রত্যেক নাগরিককে এ কারফিউ বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। এ সময়ে ঘরের বাইরে না বেরোনোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ধৈর্য ধরুন, সজাগ থাকুন, সচেতন থাকুন। আগামী কয়েক সপ্তাহ ৬০-৬৫ বছর বয়সীদের ঘরে থাকার আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে তিনি বলেন, খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। আমাকে কয়েক সপ্তাহ সময় দিন।
ভারতে প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত ১৯৭ জন আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গেছে অন্তত চারজন। চণ্ডিগড়ে প্রথম করোনা আক্রান্ত রোগী ধরা পড়েছে। করোনা রুখতে গণজমায়েতে রাশ টানতে উত্তরপ্রদেশ, রাজস্থানসহ বিভিন্ন রাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়।
