করোনাভাইরাস সংক্রমণঝুঁকি বিবেচনায় কারাবন্দিদের অধস্তন আদালতে মামলার শুনানিতে হাজির করার বাধ্যবাধকতা শিথিল করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে কারাগারে রেখে আসামিদের জামিন শুনানি করতে হবে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ মোকাবিলায় উদ্ভূত পরিস্থিতিতে কারাগার থেকে কারাবন্দি আসামিদের জামিন শুনানিকালে ও মামলার অন্যান্য কার্যক্রমে আদালতে উপস্থিতকরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে আসামিদের কারাগারে রেখে জামিন শুনানি করতে হবে। অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনে মামলার কার্যক্রম মুলতবি করতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা দেশের সব আদালতের জন্য কার্যকর থাকবে।
