শিবচরে দোকানপাট ও গণপরিবহন বন্ধ ঘোষণা

আপডেট : ২০ মার্চ ২০২০, ০৬:৩৭ এএম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাদারীপুরের শিবচর উপজেলায় সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ বিকেলে (গতকাল) উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে। সভায় উপজেলাবাসীকে করোনাভাইরাসমুক্ত রাখতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।’

সভার উদ্ধৃতি দিয়ে ইউএনও বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শিবচর উপজেলার বাজারগুলোতে মানুষের নিত্যপ্রয়োজনীয় ও জরুরি পণ্যের দোকান ছাড়া বাকি সব দোকানপাট, বিয়ে, মাহফিল, রাজনৈতিক সমাবেশসহ সব ধরনের গণজমায়েত ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। নসিমন, করিমনসহ সব ধরনের গণপরিবহনও বন্ধ থাকবে।’ তিনি আরও বলেন, ‘তবে ওষুধ, কাঁচামাল, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান এই আদেশের বাইরে থাকবে। এখন পর্যন্ত আমরা কোনো এলাকা লক করিনি।’

সভায় শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ হোম কোয়ারেন্টাইন না মানলে তাকে এখন থেকে এখানে রাখা হবে।

মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, যেসব এলাকায় করোনা আক্রান্ত সন্দেহে রোগী আইসোলেশনে রয়েছে, সেসব এলাকার জনগণের গতিবিধি সীমিত করার লক্ষ্যে শিবচর পৌর এলাকার দুটি ওয়ার্ড ও দুটি ইউনিয়ন কন্টেনমেন্ট করা হয়েছে। এর ফলে এসব এলাকায় বড় ধরনের জমায়েত এবং বিনা প্রয়োজনে মানুষ বাইরে ঘোরাফেরা করতে পারবে না।

শিবচর উপজেলার প্রায় ৫ হাজার বাসিন্দা প্রবাসী। সম্প্রতি ইতালিসহ বিভিন্ন দেশ থেকে উপজেলার ছয় শতাধিক প্রবাসী দেশে এসেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদ্দিন খান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আবির হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত