বাংলাদেশের জন্য জেমি ডে’র প্রার্থনা

আপডেট : ২০ মার্চ ২০২০, ০৮:১৮ পিএম

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলা করে বাংলাদেশের মানুষ আবার যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার জন্য সুদূর ইংল্যান্ড থেকে প্রার্থনা করছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। বাফুফের অন্তর্বর্তীকালীন টেকনিক্যাল ডিরেক্টর স্টুয়ার্ট ওয়াটকিস আর তিনি বাংলাদেশের মানুষকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব দিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

বিশ্বকাপ বাছাইপর্বের খেলা স্থগিত হওয়ায় পরিবারের সঙ্গে ইংল্যান্ডে ঘরবন্দী জেমি। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে প্রচার করার অনুরোধ জানান খানিকটা প্রচারবিমুখ হিসেবে পরিচিত জেমি ডে।

তিনি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশের মানুষ, স্টুয়ার্ট (ওয়াটকিস) ও আমি এই দুঃসময়ে আমাদের সমর্থকদের জন্য কিছু বলার তাগিদ অনুভব করছি। সামনের মাসগুলো কঠিন পরীক্ষা নিয়ে এগিয়ে আসছে। জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এই সময়টা পার করতে হবে আমাদের।’

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক নির্দেশনা মেনে সুস্থ ও নিরাপদ থাকুন। করোনাভাইরাস বিস্তার রোধে বিচক্ষণ পদক্ষেপ নিন এবং যারা ঝুঁকিতে আছেন, তাদের পাশে দাঁড়ান। বাংলাদেশের মানুষ একসঙ্গে প্রয়োজনে প্রার্থনা করে এবং কাজ করে। এখন আমাদের একটু ভিন্নভাবে একতা দেখাতে হবে। পরস্পরকে রক্ষা করতে একে অপরের দূরে অবস্থান করে। রোগের বিস্তার রোধে সামাজিক দূরত্বটা রাখা খুবই জরুরি।’

জেমি এবং ওয়াটকিস বার্তায় আরও বলেন, ‘এ দেশের অসাধারণ মানুষগুলো অধ্যবসায়ে দারুণ দক্ষ। এখন এর চর্চা করতে হবে অন্যভাবে। আমার বিশ্বাস সেটা আপনারা পারবেন। জাতীয় দলে আমাদের খেলা আপাতত থমকে আছে। যখন ফেরার সময় হবে তখন দুর্দান্ত একটি দলকে আবার নেতৃত্ব দিতে প্রস্তুত আছি। এই কঠিন সময়ে আপনাদের জন্য ভালোবাসা ও শুভকামনা থাকছে যেন সবাই দৃঢ় থাকেন। আমাদের প্রার্থনায় বাংলাদেশের প্রতিটি মানুষ আছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত