নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) দিনগুলোতে খেলা বন্ধ থাকায় বাড়িতে শুয়ে-বসে সময় কাটাচ্ছেন ডেল স্টেইন। সেখানে বসে জানিয়েছেন, মহামারির এই সময়ে যদি তাকে কখনো কোয়ারেন্টাইনে যেতে হয় তাহলে কুইন্টন ডি ককের মতো কোনো সতীর্থকে পাশে চান!
দক্ষিণ আফ্রিকায় বান্ধবী আর মাকে নিয়ে সময় কাটাচ্ছেন তারকা পেসার স্টেইন। ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন কীভাবে তার দিন কাটছে।
বিচ্ছিন্ন থাকার প্রশ্ন উঠলে কোন সতীর্থের সঙ্গে আপনি থাকতে চান অথবা কাকে এড়িয়ে যেতে চান, এমন প্রশ্নের জবাবে স্টেইন বলেন, ‘ডি ককের মতো কাউকে চাই। পৃথিবীতে যে কজন আমার প্রিয় মানুষ, সে তাদের একজন।’
‘যদি আপনি হোটেলে তার রুমে যান, দেখবেন হয় মাছ ধরার কিছু একটা তৈরি করছে, না হয় মাছ ধরার ভিডিও দেখছে, অথবা রান্নার ভিডিও দেখছে। তার বাড়িতে গেলেও এসব দেখবেন। আমি রান্না পছন্দ করি না, তাই তাকে চাই। ও রান্না করতে থাকলে মাছ ধরার ভিডিও দেখতে পারব।’
কার সঙ্গে থাকতে চান না, সরাসরি এই প্রশ্নের উত্তর দেননি স্টেইন। আকারে ইঙ্গিতে অ্যান্ডি ফেলুকাওয়ের নাম বলেছেন, ‘নির্দিষ্ট কেউ নেই। তবে গান শোনার দিক থেকে হলে সেটা ফেলুকাও। ও সারাদিন যে গান শোনে, সেটা আমাকে শুনতে হলে বলবো যে আমি করোনাভাইরাস পজিটিভ। আমাকে অন্য কারো সঙ্গে রাখা হোক!’
