মেসিকে ইচ্ছাকৃত ‘লাথি’ মারত ব্রাজিল ফুটবলাররা

আপডেট : ২০ মার্চ ২০২০, ১১:৫৭ পিএম

অনেকবারই এমন কথা এসেছে, লিওনেল মেসিকে কীভাবে থামানো যায়! প্রতি ম্যাচের আগেই বিপক্ষ দলের কোচ-খেলোয়াড়ের কাছে এই প্রশ্ন যায়। কেউ বলেন ৭-৮ জন মিলে মেসিকে ঘিরে রাখতে হবে। কোনো গোলরক্ষক-ডিফেন্ডাররা হুঙ্কার ছাড়েন মেসিকে থামাতে তারা প্রস্তুত। আবার কেউ কেউ হাল ছেড়ে বলেন, মেসিকে আটকানোর কোনো উপায় নেই। তবে ২০০৯-১০ সালের দিকে ব্রাজিল আর্জেন্টিনা তারকাকে আটকানোর জন্য ‘লাথি’ কৌশল বের করেছিল। ওই সময় সেলেকাও দলে থাকা ফেলিপে মেলো জানালেন এমনটা।

বর্তমানে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে খেলেন ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার। এক সাক্ষাৎকারে মেসিকে থামানোর জন্য তারা যে কৌশল নিতেন সেটা জানালেন। বললেন, মাঠে মেসিকে বিরক্ত করাই ছিল তাদের উদ্দেশ্য। ব্রাজিলের হয়ে ২০০৯-১০ সালে ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেলো। ওই সময় ২০০৯ কনফেডারেশন্স কাপে খেলেছেন। ২০১০ বিশ্বকাপের দলের ছিলেন। ওই সময় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে মেসিকে দলের সবাই টার্গেট করতেন বলে জানান তিনি।

মেসিকে আটকাতে ওই ব্রাজিল দলের পরিকল্পনা ছিল এমন পুরো ম্যাচে দলের ১০ জন মেসিকে আক্রমণ করবে। তাকে বিরক্ত করবে। এতে মেসি স্বচ্ছন্দে খেলতে পারবে না। বিরক্ত হয়ে মেসি নিজের স্বাভাবিক খেলা থেকে সরে আসতে বাধ্য হবে। এমনটা করার কারণও জানিয়েছেন ফেলিপে মেলো। আসলে কিছু করার ছিল না তাদের। মেসি ওই সময় ফর্মের তুঙ্গে। এতটাই ভালো খেলছিল যে তাকে থামানোর কৌশল কারও জানা ছিল নেই। তাই এই রকম পদক্ষেপ। মেলো জানান, ‘মেসি বিশেষ ফুটবলার। ওকে থামানোর কৌশল নেই। তাই আমরা বলাবলি করতাম সবাই একে একে ওকে আক্রমণ করব। একবার করে লাথি মারব। এছাড়া ওকে মার্কে রাখা কঠিন ছিল। তাকে আমরা আক্রান্ত করার জন্য ওটা করিনি, শুধু ওর সহজাত খেলাটা আটকানোর জন্য এটা করেছিলাম। এটা এক ধরনের কৌশল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত