যেকোনো রোগের সঙ্গেই মনের সংযোগ থাকে। দুশ্চিন্তা বাড়লে অসুস্থতাও বাড়বে। করোনা নিয়ে চারপাশে সবার দুশ্চিন্তা, ভয়, উদ্বেগ দেখে চিন্তিত না হয়েও পারা যায় না। তবু যতটুকু সম্ভব, নিজেকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। অস্থির এ পরিস্থিতিতে মানসিক চাপ কমাতে রইল কিছু পরামর্শ
সোশ্যাল মিডিয়া থেকে দূরে
সোশ্যাল মিডিয়াসহ টেলিভিশন, খবরের কাগজ সব জায়গাতেই বিশ্বব্যাপী করোনা সংক্রমণের খবর মানসিক অবস্থাকে যেন আরও চাপের মুখে ফেলছে। চেষ্টা করুন এর সবকিছু থেকে দূরে থাকতে। যত এ ধরনের খবর পড়বেন, তত অস্থিরতা তৈরি হবে। যদি অফিসের কাজ বাড়িতে বসে করার অনুমতি থাকে, তবে সে কাজেই মনোনিবেশ করুন, কাজ শেষে পছন্দের সিনেমা দেখুন, বই পড়ুন। অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং নিয়ম মেনে বারবার হাত ধুতে হবে।
গল্প করা
যদি নিতান্তই একা লাগে এবং দুশ্চিন্তা বাড়তে থাকে, তবে কাছের মানুষের সঙ্গে কিছু সময় গল্প করে কাটিয়ে দিতে পারেন। মন হালকা হবে। বাইরে যেতে না পারলে ফোনেও কথা বলতে পারেন।
মেলামেশায় সতর্কতা
কারও সঙ্গে কথা বলার সময় যদি বোঝা যায়, তিনি করোনা নিয়ে সব সময় আতঙ্কিত হয়ে আছেন, উদ্বেগ প্রকাশ করছেন, সম্ভব হলে কিছুদিন তার সঙ্গে যোগাযোগ কম করুন। কারণ আপনি চিন্তা কমাতে চাইলেও উদ্বেগপ্রবণ মানুষের সঙ্গে কথা বললে চিন্তার মাত্রা বেড়ে যেতে পারে।
নিয়ম মেনে খাওয়া ও ব্যায়াম
শরীরকে অবহেলা না করে প্রোটিনযুক্ত খাবার খান। নিয়মিত মেডিটেশন, ব্যায়াম করুন বাড়িতেই। বাগান করা, বই পড়ার মতো কাজগুলো মন ভালো রাখতে সহায়তা করে। নিয়মিত এই কাজগুলো করার চেষ্টা করুন।
