লক্ষ্মীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া জেলা শহরের সব দোকানপাট আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বণিক সমিতির নেতারা। গতকাল শুক্রবার বিকেলে সমিতির সভাপতি একেএম সালাহউদ্দিন টিপু গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান।
তিনি বলেন, বিদেশফেরত প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন না মানায় করোনাভাইরাসে ঝুঁকি এড়াতে বণিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। সমিতির পক্ষ থেকে খাবার হোটেল, কমিউনিটি সেন্টার ও জনসমাগমের সব অনুষ্ঠান না করার আহ্বানও জানানো হয়েছে।
এদিকে বিকেল থেকেই প্রায় দোকান বন্ধ দেখা গেছে। শহরে লোকজনের উপস্থিতিও কম লক্ষ করা গেছে। এছাড়া নিত্যপণ্যের বাজারদর পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক বাজার মনিটরিংয়ে রয়েছে।
লক্ষ্মীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম জানান, লক্ষ্মীপুর শহরে বেশ কিছু মুদি দোকানে মনিটরিং সেলের কর্মকর্তারা অভিযান চালিয়েছেন। মনিটরিং সেল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও বণিক সমিতির সভাপতি একেএম সালাহউদ্দিন টিপু বলেন, আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
অন্যদিকে জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল গফফার জানিয়েছেন, এ পর্যন্ত জেলায় সর্বমোট ৪৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নিয়ম ভঙ্গকারীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।
