মক্কা-মদিনার মসজিদ চত্বরে নামাজ নয়

আপডেট : ২১ মার্চ ২০২০, ০২:২৪ এএম

মুসলমানদের সবচেয়ে পবিত্র দুটো স্থান সৌদি আরবের মক্কা নগরীর মসজিদ আল হারাম এবং মদিনা নগরীর মসজিদে নববির বাইরের চত্বরে নামাজ আদায় করা স্থগিত করেছে সৌদি আরব সরকার। সৌদি গেজেট পত্রিকা এবং বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, মসজিদ আল হারাম বা কাবা এবং মসজিদে নববির বাইরের চত্বরে নামাজ বন্ধের এই সিদ্ধান্ত গতকাল শুক্রবার থেকেই কার্যকর হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই পদক্ষেপ নেয় সৌদি কর্র্তৃপক্ষ। এ সিদ্ধান্তের মাধ্যমে মক্কা এবং মদিনার এই দুই মসজিদে নামাজ আদায়ের বিষয়টিকে কিছুটা সীমিত করা হলো। এ ছাড়া গতকাল বাহরাইনের মসজিদগুলোতে জুমা স্থগিত করা হয়েছে। আগেই বিভিন্ন স্থানে আজানে পরিবর্তন আনা হয়েছে।

দুবাইভিত্তিক গালফ নিউজ জানিয়েছে, সৌদির ওই দুই মসজিদ চত্বরে প্রতিদিনের নামাজের পাশাপাশি জুমার নামাজও স্থগিত করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার মসজিদ আল হারাম এবং মসজিদে নববি ব্যতীত সৌদি আরবের বাকি সব মসজিদে জামাতে নামাজ পড়া স্থগিত করে নির্দেশ জারি করেছিল দেশটির কর্র্তৃপক্ষ।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য যেসব সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে সহযোগিতার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে সৌদি আরব।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে সতর্কতা হিসেবে বিদেশিদের জন্য ওমরাহ করার সুবিধা স্থগিত করে সৌদি আরব। ওইদিন থেকে কাবা ঘর তাওয়াফ (প্রদক্ষিণ) স্থগিত রাখে সৌদি সরকার। এছাড়া পর্যটন ভিসা থাকা সত্ত্বেও করোনাভাইরাস ধরা পড়েছে এমন এলাকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ না করতে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির কর্র্তৃপক্ষ। তবে এক্ষেত্রে নির্দিষ্ট করে দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি।

বাহরাইনে জুমার নামাজ স্থগিত : এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গতকাল শুক্রবার জুমার নামাজ বন্ধ ঘোষণা করেছে বাহরাইন। বৃহস্পতিবার সন্ধ্যায় করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে বাহরাইনের সুন্নি এন্ডোমেন্টস অধিদপ্তরের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। সংস্থাটির একটি বিজ্ঞপ্তির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিদিনের পাঁচ ওয়াক্তের নামাজ স্বাভাবিকভাবে মসজিদে অনুষ্ঠিত হবে।

এর আগে ইরানেও জুমার নামাজ বন্ধ ঘোষণা করা হয় ভাইরাসটি ছড়িয়ে পড়া বন্ধ করতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত