পোশাকশ্রমিকদের হাত ধোয়ার ব্যবস্থার নির্দেশ বিজিএমইএর

আপডেট : ২১ মার্চ ২০২০, ০৩:০৬ এএম

দেশের সব পোশাক কারখানার শ্রমিকদের হাত ধোয়ার ব্যবস্থা রাখার জন্য সদস্যদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমই)। গতকাল শুক্রবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ ছাড়া শ্রমিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য সংগঠনটির পক্ষ থেকে ৯টি উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাকশিল্পের শ্রমিকদের হাত ধোয়ার ব্যবস্থা রাখা, পর্যাপ্ত পানি ও সাবান রাখা, প্রয়োজনে গরম পানি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য সদস্য প্রতিষ্ঠানগুলোকে সার্কুলার দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত করোনাভাইরাস প্রতিরোধে করণীয় নির্দেশিকাটি কারখানা কর্র্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে রঙিন প্রিন্ট করে কারখানার গেটে, নোটিস বোর্ডে, সিঁড়িসহ বিভিন্ন স্থানে লাগাতে। এ ছাড়া বিজিএমইএ নিজস্ব উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে কী করা যাবে, আর কী করা যাবে না, সে বিষয়ে একটি নির্দেশনা তৈরি করে কারখানাগুলোতে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিএমইএ তার সদস্য প্রতিষ্ঠানগুলোকে কারখানার সেফটি কমিটি, পার্টিসিপেশন কমিটি, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা কমিটিকে করোনাভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং পরবর্তী সময়ে এ কমিটিগুলো আবার শ্রমিক-কর্মচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির নির্দেশনা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিএমইএর উত্তরা অফিসে করোনা কন্ট্রোল রুম খোলা হয়েছে। এ ছাড়া পোশাকশিল্প-অধ্যুষিত এলাকায় করোনা পরিস্থিতি নজরদারি ও প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া, সাভার, নবীগঞ্জ, গাজীপুর, শ্রীপুর, মাওনা ডিএমপি এলাকা ও নারায়ণগঞ্জে সংগঠনের কর্মকর্তাদের সমন্বয়ে এলাকাভিত্তিক কমিটি গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত