করোনাভাইরাসে স্থগিত শ্রীলঙ্কার নির্বাচন

আপডেট : ২১ মার্চ ২০২০, ০৩:১৪ এএম

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর মরিয়া চেষ্টায় দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচন স্থগিত করে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গত তিন দিনে শ্রীলঙ্কায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৬৫ জন হওয়ার প্রেক্ষাপটে গতকাল শুক্রবার দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে এই ঘোষণা আসে। সেখানে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে এই কারফিউ বলবৎ থাকবে।

কলম্বোপেইজের খবরে বলা হয়, কারফিউয়ের মধ্যে কেবল গণপরিবহন ও জরুরি সেবার যানবাহন চলাচল করতে পারবে। বিমানবন্দরগামী যাত্রীদের ক্ষেত্রে বিমান টিকিট দেখাতে হবে। এদিকে আগামী মাসে নির্ধারিত শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনও স্থগিত করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নির্বাচন পেছানোর পক্ষে ছিলেন না। তিনি আশা করছিলেন নির্বাচন হলে তার দল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। তাতে সংবিধান পরিবর্তন করার সুযোগ পাবেন তিনি। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় প্রেসিডেন্টের এই আশা নাও পূরণ হতে পারে।

তবে গত কয়েক দিনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আরও খারাপের দিকে যাওয়ায় শ্রীলঙ্কার পরিস্থিতি শেষ পর্যন্ত ইতালির মতো হতে পারে বলে সতর্ক করে দেশটির সরকারি চিকিৎসকদের সংগঠন। এরপরই মূলত নির্বাচন কমিশন নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত