করোনাভাইরাস মোকাবিলা ও সংক্রমণ আতঙ্কে টাঙ্গাইলের গোপালপুরের বিখ্যাত ২০১ গম্বুজ মসজিদে গতকাল শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হয়নি। গত বৃহস্পতিবার মসজিদটির প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম এ স্থগিতাদেশের সিদ্ধান্ত নেন বলে মসজিদটির খতিব মাওলানা নুরুজ্জামান নোমানী জানিয়েছেন।
মসজিদটির প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম বলেন, বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে এবং ইতিমধ্যে বাংলাদেশে এ রোগ শনাক্ত হওয়ার কারণে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থীর স্বাস্থ্য সুরক্ষার জন্য এ মসজিদে সাময়িকভাবে জুমার নামাজ স্থগিত করা হয়। তাই গতকাল শুক্রবার জুমার নামাজ অনুষ্ঠিত হয়নি। দর্শনার্থী ও মুসল্লিদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সেইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি পরবর্তী সিদ্ধান্ত জনসাধারণকে বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেবেন বলে নিশ্চিত করেছেন।
