জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ২২ ও ২৩ মার্চ ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত হতে পারে। করোনাভাইরাস সংক্রমণের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে এই অধিবেশন স্থগিত হতে পারে বলে গতকাল শুক্রবার ইঙ্গিত দিয়েছেন সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা। তারা বলেছেন, আজ শনিবার এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।
সংসদ সচিবালয়ের এক সিনিয়র কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এ অধিবেশন স্থগিতের বিষয়ে সংসদ সচিবালয়ের কাছে ইঙ্গিত এসেছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নিতে পারেন। তাই আমার পক্ষ থেকে এটি বলা সম্ভব নয়। এটা এই মুহূর্তে বলা যাবে না।’ তবে অধিবেশনের দিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি ছিল তা ইতিমধ্যে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মুজিববর্ষ উপলক্ষে ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে বিদেশি অতিথি না আসার সিদ্ধান্তে অধিবেশনটি অনিশ্চিত হয়ে পড়ে। এর মধ্যে গত ১১ মার্চ সংসদের কার্য উপদেষ্টা পরিষদের জরুরি সভা ডেকে অধিবেশনটি চালানোর সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে বিদেশি অতিথির (ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি) পরিবর্তে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন বলে সিদ্ধান্ত হয়। এছাড়া অধিবেশন শুরুর আগে ২২ মার্চ সকাল সাড়ে ৯টায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্তও হয়েছিল। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই বৈঠকে প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।
