বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ স্থগিত

আপডেট : ২১ মার্চ ২০২০, ০৭:৩৫ পিএম

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল আগেই। সিরিজটা যে হচ্ছে না এটা একরকম নিশ্চিতই ছিল বলা চলে। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণাও এসেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) আলোচনার মাধ্যমে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার ক্রিকেট আয়ারল্যান্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

১৪ মে থেকে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। এরপর নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডে ২২ মে থেকে ২৯ মে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আয়ারল্যান্ডে ভেন্যু স্বল্পতার কারণে ইংল্যান্ডকে টি-টোয়েন্টির ভেন্যু হিসেবে বেছে নিয়েছিল আয়ারল্যান্ড বোর্ড।

শনিবারই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছিল, ২৮ মে পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে সব ধরনের পেশাদার ক্রিকেট বন্ধ থাকবে। তখনই বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ নিয়ে তৈরি হয় শঙ্কা। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসার।

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সময়মতো ঘরোয়া গ্রীষ্ম নিয়ে সিদ্ধান্ত নেব। এই সিরিজ নিয়ে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতার জন্য আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে সিরিজের নতুন সূচি ঠিক করা হবে বলে জানান ওয়ারেন ডিউট্রম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত